Home » সনাতন ধর্মে থেকেও পৃথক মতুয়া ‘আচার-সংহিতা’র পথে মতুয়া মহাসঙ্ঘ

সনাতন ধর্মে থেকেও পৃথক মতুয়া ‘আচার-সংহিতা’র পথে মতুয়া মহাসঙ্ঘ

সনাতন ধর্মে থেকেও পৃথক মতুয়া 'আচার-সংহিতা'র পথে মতুয়া মহাসঙ্ঘ

সময় কলকাতা ডেস্ক:- বহু বছর আগে পথ দেখিয়েছে বৌদ্ধধর্ম, জৈনধর্ম, শিখধর্ম। এবার সেই পথেই হেঁটে পৃথক মতুয়া ‘আচার সংহিতা’ রচনার কথা ঘোষণা করলেন মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তত্ত্বাবধানে নতুন এই ‘আচার সংহিতা’ তৈরি হবে বলেই জানানো হয়েছে। যেখানে হিন্দু ধর্মে থেকেও কন্যাদান, পিণ্ডদানের মতো প্রচলিত একাধিক আচার বর্জিত হবে বলে জানা গিয়েছে। মতুয়াদের নিজস্ব আচারের মান্যতা পেতে এবং এই বিষয়ে অন্যদের হস্তক্ষেপ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ। অতীতে একটা সময়, নমঃশূদ্রসহ বিভিন্ন পিছিয়ে পড়া জনজাতিগোষ্ঠী কে তথাকথিত হিন্দু সমাজ সনাতন ধর্মের অংশ হিসেবে মনে করতো না। এই নিয়ে কম বিতর্ক হয়নি। তবে কি সেই অভিমান থেকেই পৃথক মতুয়া ‘আচরণ সংহিতা’ তৈরীর পথে হাঁটতে চলেছে মহাসঙ্ঘ?

সম্প্রতি বিধাননগরে মতুয়া সমাজের ‘জাতীয় মতুয়া ধর্ম চিন্তন শিবির’ অনুষ্ঠিত হয়। দেশের ১২টি রাজ্য থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন শিবিরে। সূত্রের খবর, বিধাননগর পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রেক্ষাগৃহে এই সম্মেলনে সাত দফা প্রস্তাব পাশ হয় ধ্বনিভোটে। এই সাত দফা প্রস্তাবের অন্যতম ছিল মতুয়া ধর্মের জন্য পৃথক ‘আচার সংহিতা’ তৈরীর প্রস্তাব। এই বিষয়ে মান্যতা অর্জনে আইনি পদক্ষেপের বিষয়েও আলোচনা হয়েছে জাতীয় মতুয়া সম্মেলনে।

এই বিষয়ে শান্তুনু ঠাকুর জানান, মতুয়া সমাজের জন্য ভিন্ন মতুয়া ‘সংবিধান’ রচিত হবে। মতুয়া মহাসঙ্ঘের পদাধিকারী এবং গোসাঁইরা মিলে এই সংবিধান তৈরি করবেন। এরপর এই সংবিধান বা ‘আচার সংহিতা’র আইনত মান্যতা আদায়ের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে মতুয়া মহাসঙ্ঘ।

জাতীয় মতুয়া সম্মেলনে মতুয়া মহাসঙ্ঘের সক্রিয় কর্মকর্তা তন্ময় বিশ্বাস সাত দফা প্রস্তাব পেশ করেন। একদম শেষে জানানো হয় মতুয়া ‘আচার সংহিতা’র বিষয়টি। এই ‘আচার সংহিতা’য় প্রস্তাব করা হয়েছে—বিবাহ, শ্রাদ্ধের মতো ধর্মীয় অনুষ্ঠান মতুয়া সমাজের নিজস্ব রীতিতে হবে। সেই আচার বা রীতির লিখিত রূপ মতুয়া মহাসঙ্ঘ প্রকাশ করবে। কার্যত বিনা বাধায় ধ্বনিভোটে এই প্রস্তাব পাশ হয়ে যায়।

About Post Author