সময় কলকাতা ডেস্ক:- কেন্দ্রের বাজেট বাংলা বিরোধী, রাজ্যের উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা। সংসদে বঞ্চনায় সরব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে ঝাঁঝালো আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।ভোটের সময় বিজেপি গুচ্ছ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তখতে বসার পর আর সেই প্রতিশ্রুতি পালন করছে না। এমনকী দেশের মানুষের কথা চিন্তা করে নয়, ভোটকে লক্ষ্য রেখেই কেন্দ্র বাজেট বরাদ্দ করেছে বলে সংসদে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেট নিয়ে শুক্রবার সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, কেন্দ্রের এই বাজেট সোনার হরিণের মতো!
কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও তুলে ধরেন অভিষেক। সংসদে অভিষেক দাবি করেন, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে হাফ ফেডারেলিজম চলছে। কী এই হাফ ফেডারেলিজম? সেটার ব্যাখ্যাও দেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, বিহারে বিজেপির ১২ জন সাংসদ, বাংলাতেও ১২। তবু বাজেটে বিহার পেল, বাংলা পেল না। কারণ, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। তাই বাংলাকে বঞ্চিত করা হল। অন্যদিকে সামনে বিহারে বিধানসভার ভোট। ফলে কেন্দ্রের এবারের বাজেট থেকে স্পষ্ট দেশের মানুষের কথা ভেবে নয়, ভোটকে লক্ষ্য রেখেই মোদি সরকার বাজেট তৈরি করেছে।
মোদি সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’কে তীব্র কটাক্ষ করে শ্লেষের সুরে অভিষেক বলেন, কেন্দ্রীয় সরকার ক্ষুধিত শিশুর কথার চেয়ে প্রচার, হেডলাইন নিয়ে বেশি ভাবে!কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে কর্ম সংস্থান, পরিসংখ্যান তুলে ধরে এরপরই কেন্দ্রের বিরুদ্ধে জনবিরোধী কার্যকলাপের অভিযোগে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।একই সঙ্গে ক্ষুদ্র শিল্প, স্বাস্থ্য, গ্রামীণ সড়ক যোজনা-সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা কীভাবে এগিয়ে চলেছে তারও পরিসংখ্যান সংসদে তুলে ধরেন ডায়মন্ড হারবারের সাংসদ।টেনে আনেন নোটবন্দির প্রসঙ্গও। অভিষেকের কথায়, নোটবন্দি থেকে বেকারত্ব, এই সরকারের আমলে কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি। এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে।


More Stories
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
লাল প্রতীক এখন সবুজ, প্রতীক উর আনুষ্ঠানিকভাবে তৃণমূলে