সময় কলকাতা ডেস্ক:- এ বার নদিয়ার কল্যাণী। বাজি কারখানায় বিস্ফোরণ ঘটনায় প্রাণ গেল অন্তত চার জনের। সকলেরই ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। নদিয়ার কল্যাণীর রথতলায় ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানা উড়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তার ফলেই বিস্ফোরণ। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের ফলে কারখানার দেওয়াল ভেঙে পড়ে। তাতে কেউ আটকে রয়েছে কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরীক্ষা করে দেখা হচ্ছে ঘটনাস্থল।
গত ২৮ ডিসেম্বর বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাঁড়াল গ্রামের সর্দার পাড়ায় বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ঝলসে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুন মাসে মেদিনীপুরের কোলাঘাট থানার পয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ২০২৩ সালে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ন’জনের প্রাণ গিয়েছিল। সেই বছরই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিনই বিস্ফোরণকাণ্ড ঘটেছিল। এবার সেই তালিকায় নাম লেখাল নদিয়ার কল্যাণী।


More Stories
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
মর্মান্তিক পথ দুর্ঘটনা, ছিন্ন-বিচ্ছিন্ন বাইক আরোহী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫