Home » কলকাতার অন্তর্গত পুর-স্কুলে বসে মদের আসর, ‘কি উচ্চ সংস্কৃতি!’

কলকাতার অন্তর্গত পুর-স্কুলে বসে মদের আসর, ‘কি উচ্চ সংস্কৃতি!’

সময় কলকাতা ডেস্ক:- মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডে মদ খাওয়ার অভিযোগ উঠল কলকাতা পুরসভার মডেল স্কুল চত্বরে। স্কুলটি ৮২ নম্বর ওয়ার্ডের বাগদিপাড়ায়। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়রকে ফোন করে এক ব্যক্তি জানান, মাসকয়েক হলো বাগদিপাড়ায় মেয়র যে মডেল স্কুলটির উদ্বোধন করেছিলেন, সেই স্কুলের চত্বরে কিছু স্থানীয় যুবক নিয়মিত প্রকাশ্যে মদের আসর বসাচ্ছে।

এরপরই শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে মেয়র জানতে চান ওই স্কুলের চাবি স্থানীয় কারও কাছে রাখা হয়েছে কি না। সংশ্লিষ্ট আধিকারিক জানান, তিনি খোঁজ নেবেন। মেয়র জানান, ওই স্কুলের পাশে মাসকয়েক আগে স্থানীয় একটি উৎসব উপলক্ষ্যে প্যান্ডেল করা হয়েছিল। সেই প্যান্ডেলের সব বাঁশ এখনও খোলা হয়নি। তিনি আধিকারিকদের দ্রুত ওই বাঁশ খোলার ব্যবস্থা করতে বলেন। সেই সঙ্গে এও বলেন, রাতে বাড়ি ফেরার আগে ওই স্কুল দেখতে যাবেন। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। এই অভিযোগে উপস্থিত আধিকারিকরাও খানিকটা অস্বস্তিতে পড়েন। মেয়র নিজেও জানান, তাঁর ওয়ার্ডের বাগদিপাড়ায় কিছু ছেলেপুলে রয়েছে যাঁরা কোনও কথা শুনতে চান না।

প্রথমে অভিযোগ শুনে মেয়র বলেন, ‘ওই স্কুলে তো তালা দেওয়া থাকে! ওখানে বাইরের লোকেরা কী করে ঢুকবেন!’ যদিও অভিযোগকারী জোর দিয়েই বলেন, ‘আপনি বিশ্বাস করুন, প্রতিদিন ওই স্কুল চত্বরে স্থানীয় কিছু যুবক রাতে মদের আসর বসায়। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।’

About Post Author