সময় কলকাতা ডেস্ক:- ফের শহরে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার! ট্যাংরার পর এ বার ঘটনাস্থল হালতু। হালতুর পূর্ব পল্লির একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রী ও তাঁদের আড়াই বছরের শিশুর দেহ। মৃত যুবকের বয়স ৪০, স্ত্রীর বয়স ৩৫। ঘরের ভিতর থেকে শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় তিন জনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কসবা থানা ও লাল বাজারের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।
মৃতদের নাম সোমনাথ রায় (৪০), সুমিত্রা রায় (৩৫) ও রুদ্রনীল রায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমনাথ ও সুমিত্রা পাশাপাশি দু’টি শাড়িতে ফাঁস লাগিয়ে ঝুলছিলেন। সোমনাথের কোলে ছিল ছোট্ট রুদ্রনীল। দেনার দায়েই কি এমন কঠিন পদক্ষেপ, তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। স্থানীয়রা জানান, সোমনাথ রায় বহু দিন ধরে এই এলাকার বাসিন্দা। গাড়ির কাজ করতেন সোমনাথ। এমন ঘটনা যে ঘটতে পারে কখনো সেটাই বিশ্বাস করতে পারছেন না তাঁরা। এলাকার লোকজন জানান, সোমবার বিকালে শেষবার দেখা গিয়েছিল তাঁদের তিনজনকে এক সঙ্গে। মঙ্গলবার সকাল ১০টা ২০ নাগাদ বিষয়টা সামনে আসে। স্থানীয় সূত্রের খবর, একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে দেহ থেকে। পুলিশ সেটি নিয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ট্যাংরায় হাড়হিম করা ঘটনা ঘটেছে। এ বার কসবার হালতুতে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে, সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে লালবাজারের ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট টিমকে। এলাকার লোকজনের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন