Home » টিকা দিতেই অসুস্থ, লাটাগুড়িতে দেড় মাসের শিশুর মৃত্যু! অবরোধ-ভাঙচুর, জ্বলল আগুন

টিকা দিতেই অসুস্থ, লাটাগুড়িতে দেড় মাসের শিশুর মৃত্যু! অবরোধ-ভাঙচুর, জ্বলল আগুন

সময় কলকাতা ডেস্ক:- ফের শিশুমৃত্যু ঘিরে ধুন্ধুমার! এবার লাটাগুড়িতে টিকা দেওয়ার পরই শিশুমৃত্যুর অভিযোগ। এরপরই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। রণক্ষেত্রের চেহারা নেয় লাটাগুড়ি-ময়নাগুড়িগামী জাতীয় সড়কের ক্রান্তি মোড় এলাকা। হইহট্টগোল, মারামারি, দীর্ঘ সময় জাতীয় সড়ক অবরোধ, সরকারি বাসে ভাঙচুরের মতো ঘটনা ঘটে। মাঝ রাস্তায় পোড়ানো হয় টায়ার।

মাল থানা থেকে পুলিশের বিশাল টিম আসে ঘটনাস্থলে। জলপাইগুড়ির অ্যাডিশনার এসপির নেতৃত্বে আরও পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। এই ঘটনায় মালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর জানিয়েছেন, ‘শিশুটি প্রিম্যাচিওর ছিল। তাকে সমস্ত নিয়ম মেনেই টিকা দেওয়া হয়েছিল।’ যদিও এই ঘটনায় স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এ দিন এলাকার লোকজন, আত্মীয়স্বজন জাতীয় সড়ক আটকে শিশুর দেহ নিয়ে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তারপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাটাগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার ওই সুস্বাস্থ্যকেন্দ্র থেকে বুধবার দেড় মাসের ওই শিশুকে টিকা দেওয়া হয়। অভিযোগ, কবিতা অধিকারী ও কৌশিক অধিকারীর ওই শিশুকন্যা ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুও হয়।

About Post Author