সময় কলকাতা ডেস্ক:- ভূতুড়ে ভোটার ধরতে জেলাভিত্তিক কমিটিতে আপাতত স্থগিতাদেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে এখনই কোনও কমিটি গঠন হচ্ছে না জেলা স্তরে। সুপ্রিমোর এমন সিদ্ধান্তের কারণ অবশ্য স্পষ্ট নয়। রাজ্যে ভূতুড়ে ভোটার ধরতে সুব্রত বক্সিকে মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ কতদূর এগোল, তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার তৃণমূল ভবনে সেই কোর কমিটি নিয়ে প্রথমবারে বৈঠক হয়। সেখানেই প্রায় সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে জেলাভিত্তিক কাজ পরিচালনার জন্যও কোর কমিটির সদস্যদের এক বা একাধিক জেলার দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বৈঠকের সিদ্ধান্তে স্থগিতাদেশ।
সূত্রের খবর
ভোটার তালিকা সংস্কারের জন্য জেলায় জেলায় যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয় সকালের বৈঠকে, রাতেই সেই প্রক্রিয়া স্থগিতা করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি ছিল, ভোটার লিস্ট খতিয়ে দেখার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা গড়িমসি বরদাস্ত করা হবে না। বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই কাজ কতদূর এগোল, কোথায় কোথায় কাজে আরও গতি আনতে হবে, কোন এলাকায় বেশি ভূতুড়ে ভোটারের প্রভাব-এদিনের বৈঠকে এসব নিয়েই মূলত আলোচনা করেন কোর কমিটির সদস্যরা।
বৈঠকের অন্যতম আলোচ্য ছিল জেলা ভিত্তিক কমিটি গড়া। বৈঠকে ঠিক হয়েছিল, ব্লক সভাপতি ও শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হবে। সেইসঙ্গে প্রতিটি সাংগঠনিক জেলায় চারজন করে রাজ্যস্তরের নেতাকেও রাখা হবে। ঠিক যেমন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপাতত সেই প্রক্রিয়া বন্ধ থাকছে। কিন্তু এখনই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটি নিয়ে মাথা ঘামাতে চাইছেন না বলেই জানা গিয়েছে। এদিকে, সুব্রত বক্সির এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। সুব্রত বক্সি নিজেই জানিয়েছেন সে কথা। বক্সির বৈঠক হওয়া সত্ত্বেও অভিষেকের পৃথক বৈঠক করার প্রয়োজন পড়ল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৫ মার্চের ওই বৈঠকে সব নেতারা উপস্থিত থাকবেন কি না, সেদিকেই থাকছে নজর।


More Stories
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল”, বিস্ফোরক অনুব্রত দুষছেন আইপ্যাককে
কীর্তি আজাদ “এনডিএ-র ষড়যন্ত্র” নিয়ে সরব