Home » ফরেন্সিকে গেল ব্রাত্য বসুর গাড়ি, নয়া মামলা হাইকোর্টে

ফরেন্সিকে গেল ব্রাত্য বসুর গাড়ি, নয়া মামলা হাইকোর্টে

সময় কলকাতা ডেস্ক:- শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কাতেই কি আহত হয়েছেন ইরেজি স্নাতকের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়? এই প্রশ্নের জবাব পেতে এ বার মন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করাচ্ছে কলকাতা পুলিশ। ইন্দ্রানুজের শরীরে কোন কোন জায়গায় সে দিন আঘাত লেগেছিল, তা নিয়ে হাসপাতালের ডাক্তারদের রিপোর্ট ইতিমধ্যেই তদন্তকারীরা সংগ্রহ করেছে। ইন্দ্রানুজের বয়ানও নিয়েছে পুলিশ। মন্ত্রীর গাড়ির চালকের সঙ্গেও একপ্রস্ত কথা বলা হয়েছে। যদিও গাড়ির চালকের বয়ান আর মন্ত্রীর বয়ান আলাদা যে হবে না তা আর বলার অপেক্ষা রাখে না। ওই দিনের দুর্ঘটনার আগে ও পরের কিছু ভিডিয়ো ফুটেজও পুলিশ বিভিন্ন তরফের কাছ থেকে পেয়েছে। এ বার ওই গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করিয়ে পুলিশ সে দিন ঠিক কী ভাবে ওই ছাত্রটি জখম হলেন, তা নিয়ে নিশ্চিত হতে চাইছে।

এসএফআই ও ইন্দ্রানুজের পরিবারের দাবি, ঘটনার দিন ব্রাত্য বসুর ব্যবহার করা গাড়ির ধাক্কাতেই গুরুতর আহত হন তিনি। এ দিন ফরেন্সিক পরীক্ষার বিষয়টি সামনে আসতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের একাংশের প্রশ্ন, যে গাড়ি নিয়ে এত অভিযোগ উঠছে, সেই গাড়ি কি আদৌ বাজেয়াপ্ত করা হয়েছে? যদি বাজেয়াপ্ত করা হয়ে থাকে, তা হলে কবে হলো? কবেই বা তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে? গত কয়েকদিনে ওই গাড়ি ব্যবহার হয়নি তো? যদি হয়ে থাকে, তা হলে ফরেন্সিক পরীক্ষায় কি সঠিক তথ্য উঠে আসবে? ১ মার্চ ঘটনার পর পুলিশ ইন্দ্রানুজ রায়ের অভিযোগও নিতে চায়নি। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর ইমেলকে এফআইআর হিসেবে গণ্য করতে বাধ্য হয়েছে পুলিশ। আগেই গাড়িটি বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষা করা হলে সত্যিটা সামনে আসার সম্ভাবনা আরও বাড়ত!’

সূত্রের খবর

গাড়ি ফরেন্সিকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ব্রাত্যকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। বদল করা হয়েছে তাঁর গাড়িটিও। যাদবপুরের ঘটনায় আগামী ১২ মার্চ কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করতে চলেছে কলকাতা পুলিশ। এ দিকে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য বার বার ডেকে পাঠানোর অভিযোগ তুলে এ দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নতুন মামলা দায়ের হয়েছে।মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ৭ মার্চ তাঁদের ডাকা হয়েছিল যাদবপুর থানায়। তাঁরা হাজিরাও দেন। অভিযোগ, সে দিন তাঁদের কাছ থেকে তাঁদের মোবাইল চাওয়া হয়। তাঁরা আপত্তি করেন। তারপরে তাঁদের হেনস্থার চেষ্টা হচ্ছে।’ উদ্দীপন কুণ্ডু নামে এসএফআই সমর্থক এক ছাত্র হাইকোর্টে আবেদন করেন দ্রুত শুনানির জন্য। বিচারপতি ঘোষ আজ, মঙ্গলবার ফের ওই মামলা উত্থাপন করার নির্দেশ দেন আইনজীবীকে।

About Post Author