সময় কলকাতা ডেস্ক:- কলকাতার পাশাপাশি জমজ শহর হাওড়াতেও প্রতি বছর বর্ষা এলেই জমা জলের যন্ত্রণায় ভুগতে হয় শহরবাসীকে। হাওড়া পুরসভার ক্ষমতায় বার বার দল বদল এলেও জলজমার সমস্যার কোনও সমাধান হয়নি আজ পর্যন্ত। নতুন মেয়র এলেই একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন। কিন্তু সেই ঘোষণা বাস্তবে রূপ নেয় না। বাম জমানা থেকে আজ তৃণমূলের জমানা, হাওড়ার জমা জলচিত্রের বিশেষ কোন পরিবর্তন হয়নি।
উত্তর হাওড়ার বাসিন্দা শুভাশিস বসু জানিয়েছেন, ‘হাওড়া পুরসভা ও কেএমডিএ-র উদ্যোগে শহরের ছোট ছোট নিকাশি নালা এবং ম্যানহোলগুলি পরিষ্কার করার কাজ শুরু হলেও শহরের মধ্য দিয়ে যে সমস্ত নিকাশি খাল চলে গিয়েছে, সেগুলি বহু দশক ধরে সংস্কারের কাজ হয়নি। এই নিকাশি খালগুলির মধ্য দিয়েই জল সরস্বতী নদীতে এবং গঙ্গায় গিয়ে পড়ে। বর্ষার আগে বড় বড় খালগুলি সংস্কার না হলে জল জমার এই দীর্ঘদিনের সমস্যার বিশেষ কোন পরিবর্তন হবে বলে মনে হয় না।’
.হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে
বাম আমলে যে সব ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হয়েছিল, সেইসব নালার ভিতরে মাঝে মাঝে পাঁচিল দেওয়া ছিল। যার ফলে নোংরা আটকে জল নিকাশে বাধা পাচ্ছিল। সমস্যা মেটাতে এখন ডুবুরি নামিয়ে সেই পাঁচিল ভাঙার কাজ শুরু হয়েছে। পাশাপাশি, রানি ঝিল সংস্কার করতে বলা হয়েছে রেলকে। কোনা খাল সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সেচ দপ্তরকে। বাকি খালগুলিতেও দোলের পরে সংস্কারের কাজ শুরু হাওড়া পুরসভা।
অন্য দিকে, হাওড়া পুরসভার অন্তর্গত আন্দুল থেকে মৌড়ি মিল বাজার সরস্বতী খাল পর্যন্ত দীর্ঘ প্রায় এক কিলোমিটার নতুন নর্দমা তৈরির কাজও এরই মধ্যে শেষ হয়েছে। উত্তর হাওড়ার কামিনী স্কুল লেনেও একটি পাম্প হাউস তৈরির কাজ চলছে জোর কদমে। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সময় কলকাতাকে জানিয়েছেন, পুরসভার বিভিন্ন ওয়ার্ডে সংস্কারের কাজ চলছে। এ বছর বর্ষায় যাতে শহরে কোনও ভাবে জল জমতে না পারে, সেই কথা মাথায় রেখেই আগাম এই কাজ শুরু করা হয়েছে।
এখানে বলে রাখা ভালো, পাঁচ বছরের বেশি সময় ধরে কোনও নির্বাচন হয়নি হাওড়া পুরসভায়। প্রশাসকমণ্ডলীর পরিচালনায় চলছে পুরসভার কাজকর্ম। স্বাভাবিক ভাবেই পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে ভূরিভূরি অভিযোগ নাগরিকদের। নির্বাচন না হওয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে নেই কোনও জনপ্রতিনিধিও। প্রাক্তন জনপ্রতিনিধিদের কাছে নাগরিকরা অভিযোগ জানাতে গেলে তাঁরাও নির্বাচনের দোহাই দিয়ে এড়িয়ে যান। পুরসভার প্রশাসক মন্ডলীর উদ্যোগে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় প্লাস্টিক ও নোংরা আবর্জনায় বন্ধ হয়ে যাওয়া নিকাশি নালাগুলি থেকে পাঁক, প্লাস্টিক ও আবর্জনা তোলার কাজ শুরু হয়েছে। কোথাও কোথাও ম্যানহোলের ভিতরে ঢুকেও ম্যানহোল পরিষ্কার করছেন পৌরসভার কর্মীরা। এখন দেখার আগামি বর্ষায় হাওড়া শহরের জলচিত্রের বিশেষ কোনো পরিবর্তন হয় কিনা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী