Home » সম্পত্তিগত বিবাদের জেরে মহিলাকে বেধড়ক মারধর। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

সম্পত্তিগত বিবাদের জেরে মহিলাকে বেধড়ক মারধর। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

সময় কলকাতা ডেস্ক:- সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে সমাজ মাধ্যম। ভিডিওতে দেখা যাচ্ছে সম্পত্তিগত বিবাদের জেরে এক মহিলাকে দরজা-জানলা বন্ধ করে বেধড়ক মারধর করছে তার পরিবার। ঘটনাটি ঘটেছে বারাসাত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, নবপল্লী, পার্কের মাঠ এলাকার একটি বাসভবনে।

অভিযোগ, সম্পত্তিগত বিবাদের জেরে প্রথমে নির্যাতিতার মায়ের ওপর এই ধরনের অত্যাচার চালাতো পরিবারের সদস্যরা। এরপর মায়ের মৃত্যুর পর প্রবাসী মেয়ে তার নিজের বাড়িতে এলে তাঁর ওপরেও সীমাহীন অত্যাচার চালাতে থাকে পরিবারের লোকজন। এর আগেও তাকে একাধিকবার মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

জানা গিয়েছে, মারধরের ঘটনার পরই বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আর তার অভিযোগের ভিত্তিতেই অঞ্জন ধর নামক এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারির পরই হেনস্থার প্রভাব আরও বাড়তে থাকে বলে অভিযোগ। বারংবার পুলিশের দারস্থ হওয়ার পরেও বাকিদের গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন ওই নির্যাতিতা।

তিনি আরও অভিযোগ করেছেন, তার বোনের স্বামীর সঙ্গে স্থানীয় কাউন্সিলরের সুসম্পর্ক রয়েছে। আর তার জেরেই কাউন্সিলর সবকিছু জানার পরও কোনও পদক্ষেপ নিচ্ছেন না । তিনি উল্টে সম্পত্তি হাতাতে সহযোগিতা করছেন বলেও অভিযোগ।

এদিকে সমাজমাধ্যমের এই ভিডিও ভাইরাল হতেই বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার প্রতিনিধিকে বারাসাত থানায় পাঠান এবং গোটা বিষয়টির খোঁজ নেন বলে জানা গিয়েছে।

About Post Author