Home » ‘কেন গরমের মধ্যে বসে আছেন? স্কুলে যান, মাইনে পাবেন’, মমতার পরামর্শ

‘কেন গরমের মধ্যে বসে আছেন? স্কুলে যান, মাইনে পাবেন’, মমতার পরামর্শ

সময় কলকাতা ডেস্ক:- মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সভা থেকে এসএসসি ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, গরমের মধ্যে বসে না থেকে তাঁরা যেন স্কুলে ফিরে যান। তাঁরা যেন সরকারের উপর ভরসা রাখেন। সকলে মাইনে পাবেন। একই সঙ্গে নাম না করে মমতার নিশানা, ‘বাংলায় কয়েকটা লোক আছে শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য, সরকারি চাকরি খাওয়ার জন্য। ওরা মানুষের কাজ করে না, ওরা কোর্টে যায় আর আপিল করে।’

মমতার বাণী, শিক্ষক শিক্ষিকারা নিশ্চিন্তে ক্লাস করুন।

তাঁদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার কাজ করবে। মমতা এও জানান, সোমবার তিনি রাত ১২টা অবধি ফোনে কথা বলেন। তাঁর কথায়, ‘কেউ কেউ জেদ ধরে আছেন, টেন্টেড-আনটেন্টেড লিস্ট বের করতেই হবে। আরে আপনার কী যায় আসে এই তালিকা নিয়ে? ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আপনার লিস্ট দেখে লাভ নেই। আপনার চাকরি আছে কি না সেটা দেখা দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কি না, সেটা দেখা দরকার।’

হাইকোর্টে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা নিয়েও এ দিন প্রকাশ্য সভা থেকে মমতা জানান, ৩৫ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে বলে কেস করা হয়েছে। শুভেন্দুর নাম না করে এ দিন মমতা এক সময়ে তাঁর মন্ত্রিসভার সদস্য সম্পর্কে বলেন, ‘একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লোককে চাকরি দেয়নি। এখন মানুষের চাকরি কাড়ার আগে ভাবতে লজ্জা লাগছে না, ওদের পরিবার আছে, সন্তান আছে।’

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য তেমন কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে তাঁরা আরও বেশি করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও মুখ্যমন্ত্রী জানান, এ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন। প্রয়োজনে রিভিউয়ে যাবেন। মমতার কথায়, ‘এ টুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে, তাদের উপর ভরসা করবেন না। আইন মেনে আমাদের চলতে হয়, আইন পথ খুলে দেয়।’

মমতা এ দিন দাবি করেছেন, কিছু লোক শিক্ষক-শিক্ষিকাদের প্ররোচনা দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে। মমতার কথায়, ‘আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্ট আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল। চাকরি বাতিল করে দিয়েছিল। আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম। বলেছি তো, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী আপনারা মাইনে পাবেন। এর জন্য কোনও উত্তেজনার দরকার নেই।’

About Post Author