সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তা দেন ট্রাম্প। এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানিয়েছেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। নাম, পরিচয় জেনে জেনে গুলি করা হয়। নৃশংস এই হামলায় ২৫ জনেরও বেশি পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত্যুর পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জনের বেশি। কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে আসা বহু পর্যটক সেখানে ছিলেন। পর্যটকদের কেউ কেউ জানান, সেনার পোশাকে এসে তাঁদের থেকে পরিচয় জানতে চেয়েছিল জঙ্গিরা। মুসলিম না হওয়ায় তাঁদের গুলি করা হয়! এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে কার্যত আলোড়ন সৃষ্টি হয়েছে।
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। পুলওয়ামা হামলার পর এটাই ভারতের বুকে সবথেকে বড় জঙ্গি হামলার ঘটনা বলে মনে করা হচ্ছে। আর এই ঘটনার নিন্দায় গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন। তিনি জানিয়েছেন, সবরকম সাহায্যে আমেরিকা প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদিকে আমেরিকার প্রেসিডেন্ট ফোন করেছিলেন জানিয়ে এক্স হ্যান্ডলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল লেখেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। সন্ত্রাসবাদ দমনে ভারতের সঙ্গে রয়েছে আমেরিকা। ভারতকে সবরকম সাহায্যের বার্তা দেন ট্রাম্প।
নিজের এক্স সোশ্যাল হ্যান্ডেলেও পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা করে ট্রাম্প লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দৃঢ়ভাবে রয়েছে আমেরিকা।
ভারতের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। হামলাকারী ও তাদের সাহায্যকারীদের বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ বলে ট্রাম্পকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পর্যটকদের উপর হামলার পরই সৌদি আরব থেকে মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন। পরিস্থিতি খতিয়ে দেখতে কাশ্মীর যাওয়ার বার্তা দেন। মোদির ফোন পাওয়ার পর উচ্চপর্যায়ের বৈঠকে বসেন শাহ। তারপরই শ্রীনগর রওনা দেন।
প্রধানমন্ত্রীও সৌদি আরব কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বুধবার সকালেই দিল্লি পৌঁছন তিনি। তবে শুধু আমেরিকা নয়, রাশিয়া থেকে শুরু করে সৌদি আরব, ইতালি, ইজরায়েল, ইরান, শ্রীলঙ্কা, সব দেশই এই জঙ্গি হামলার ঘটনার ব্যাপক নিন্দা করেছে। তাঁদের মূল বক্তব্য একটাই, কোনও মতেই জঙ্গি হামলার মতো ঘটনাকে প্রশ্রয় দেওয়া যায় না। তাঁরা এই হামলার তীব্র নিন্দা করছে এবং ভারতের পাশে দাঁড়াচ্ছে। সম্মিলিতভাবে জঙ্গি হামলার বিরুদ্ধে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?