সময় কলকাতা ডেস্ক:- জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করার আগে ধর্ম জিজ্ঞেস করেছিল জঙ্গিরা। মৃতদের পরিবারের তরফে এমনটাই দাবি করা হয়েছে। গোয়েন্দারা মনে করছেন, স্থানীয়দের মদত ছাড়া এই হামলা করা সম্ভব ছিল না জঙ্গিদের পক্ষে। লোকাল সাপোর্ট পেয়েই তারা বৈসরণ ভ্যালিতে গিয়েছিল। কিন্তু কারা এদের সাহায্য করেছিল? স্থানীয় ট্যুর গাইড বা ঘোড়া নিয়ে যারা পর্যটকদের ভ্যালিতে নিয়ে যান তাঁরা? সন্দেহ বাড়ছে। এসবের মাঝেই পুলিশের জালে এক।
শুক্রবার গান্দেরওয়াল পুলিশের তরফে জানানো হয়েছে, এক মহিলা পর্যটক মোবাইলে ছবি তুলেছিলেন ওই সন্দেহভাজনের। ঘটনার দিন নিজেকে খচ্চরের সহিস বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত। এবং ওই পর্যটককে তাঁর ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করা হয়। এই জঙ্গি হামলার ঘটনায় ওই যুবকের যোগ থাকতে পারে অনুমান করে তদন্তে নামে গান্দেরওয়াল পুলিশ। এরপর শুক্রবার গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই যুবকের নাম আইয়াজ আহমেদ জুঙ্গাল। সোনমার্গের কাছে খচ্চর পরিষেবা দেয় ওই যুবক। পহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনওরকম যোগ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার দিন ওই যুবকের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের অনুমান, এই যুবক পহেলগাঁও জঙ্গিহানার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। তার কাছ থেকেই নানা তথ্য নিয়ে ওই জায়গায় গিয়েছিল জঙ্গিরা। গোয়েন্দারা আগেই জানতে পেরেছেন যে, বৈসরন ভ্যালিতে বেশ কয়েকবার রেইকি করেছিল জঙ্গিরা। এই যুবক তাদের সাহায্য করতে পারেন বলে সন্দেহ।
ওই মহিলা পর্যটকের ফোনে এই যুবকের ছবি রয়েছে। তাতেই দেখা যায়, মেরুন রঙের একটি জ্যাকেট পরে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে সে। তরুণীর দাবি, জঙ্গিদের মধ্যে এই যুবকও একজন। তাঁর এও বক্তব্য, ছবিটি বৈসরন ভ্যালিতেই তোলা হয়েছিল। তরুণী পুলিশকে জানিয়েছেন, দুই যুবক যাদের দেখে পাকিস্তানি মনে হচ্ছিল তারা তাঁকে তাঁর ধর্ম জিজ্ঞেস করে। জানতে চায় তাঁর কোন ধর্ম ভাল লাগে – হিন্দু না ইসলাম। শুধু তাই নয়, আজমেঢ় যাওয়া পছন্দ করবেন, নাকি অমরনাথ, এই প্রশ্নও নাকি করেছিল তারা। এছাড়া আরও বিস্ফোরক দাবি করেছেন তরুণী।
পুলিশের কাছে তাঁর বক্তব্য, একজনকে তিনি ফোনে বন্দুক সম্পর্কে কথা বলতে শুনেছিলেন। তরুণী জানিয়েছেন, লোকটা ফোনে বলছিল – প্ল্যান এ ব্রেক ফেইল, প্ল্যান বি – ঘাসে ৩৫টি বন্দুক রাখা আছে। দাবি, তিনি কথা শুনছেন মনে করে অন্য ভাষায় কথা বলতে শুরু করেছিল ওই ব্যক্তি। তিনি ২০০ শতাংশ নিশ্চিত ওরাই জঙ্গি ছিল।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭