সময় কলকাতা ডেস্ক:- সপ্তাহের প্রথম কাজের দিনে মেট্রো পরিষেবায় বিভ্রাট। চরম ভোগান্তিতে যাত্রীরা। একাধিক নিত্যযাত্রীর অভিযোগ, সোমবার ব্লু লাইনে আপ এবং ডাউন দুই ক্ষেত্রেই অনিয়মিত ভাবে মেট্রো চলছিল সকাল ৯টা নাগাদ। মেট্রো রেল দেরিতে চলার কারণে একদিকে যেমন ভিড় বাড়তে শুরু করে, তেমনই গন্তব্যে পৌঁছতে দেরি হয় যাত্রীদের।
মেট্রো রেল সূত্রে খবর, দমদম এবং নোয়াপাড়ার মধ্যে একটি সিগন্যালে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই কারণে মেট্রো চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ত্রুটির খবর পেয়ে সেখানে পৌঁছন মেট্রোর সিগন্যাল এবং টেলিকম ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ররা এবং সমস্যার সমাধান করেন। মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল ৯টা ৫৫ মিনিটে এই সমস্যা মিটিয়ে ফেলা হয়।
অফিসযাত্রী দেবদীপ চক্রবর্তী বলেন, ‘সকাল ১০টার সময় অন্যান্য দিনের মতো কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো ধরি। কিন্তু প্রতি স্টেশনে অনেক বেশি সময় ধরে স্টপেজ দিচ্ছিল। টাইম মতো অফিস পৌঁছতে পারিনি। বিস্তর ভোগান্তি পোহাতে হয়েছে।’
অন্য এক অফিসযাত্রী পিন্টু দেবনাথ বলেন, ‘আজও অন্যান্য দিনের মতোই নেতাজি মেট্রো স্টেশন থেকে ট্রেনে উঠি। কিন্তু ময়দান মেট্রো স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড়িয়েছিল ট্রেন। সময়ে অফিস পৌঁছতে পারিনি।’ একই অভিযোগ শোনা গেল একাধিক মেট্রোযাত্রীর কণ্ঠে। অফিস, স্কুল, কলেজ ও অন্য কাজে যাওয়ার সময়ে এই মেট্রো বিভ্রাটে অসন্তুষ্ট বহু যাত্রী।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?