Home » ‘কোন মুখে রাজ্যের স্বীকৃতি চাইব?’ পহেলগাঁও হামলার ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

‘কোন মুখে রাজ্যের স্বীকৃতি চাইব?’ পহেলগাঁও হামলার ক্ষমা চাইলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও হামলার নিন্দায় সোমবার বিশেষ অধিবেশন হয় কাশ্মীর বিধানসভায়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, গোটা ঘটনায় তিনি ব্যথিত। ওমর বলেন, গোটা জম্মু-কাশ্মীর পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে শামিল। সোমবার কাশ্মীর বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ওমর বলেন, পহেলগাঁও হামলা গোটা দেশকে প্রভাবিত করেছে। গত ২১ বছরে এমন হামলা দেখেনি বৈসরন। নিজেকে কাশ্মীরের গৃহকর্তা হিসাবে তুলে ধরে ওমর বলেন, পর্যটকদের নিরাপদে ফিরিয়ে দেওয়া তাঁর কর্তব্য ছিল। কিন্তু সেটা করতে পারেননি। ক্ষমা চাওয়ার ভাষাও নেই তাঁর। তিনি আরও জানিয়েছেন, পহেলগাঁও হামলাকে ব্যবহার করে মোটেও কাশ্মীরের অঙ্গরাজ্যের মর্যাদা ফেরানোর দাবি করবেন না তিনি।

পহেলগাঁও হামলার পরে অনেকেই আঙুল তুলেছেন ওমর আবদুল্লা সরকারের দিকে। তাঁদের মত, দীর্ঘ ১০ বছর পরে কাশ্মীরে নির্বাচন হয়েছে এবং জিতেছে ইন্ডিয়া জোট। তারপরেই জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটি। কিন্তু কাশ্মীরের সেনা বা পুলিশ-কোনওকিছুর উপরেই কাশ্মীর সরকারের নিয়ন্ত্রণ নেই। তা সত্ত্বেও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের ব্যর্থতা মেনে নিয়েছেন ওমর আবদুল্লা। ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই অঙ্গরাজ্যের স্বীকৃতি চেয়ে সুর চড়িয়েছে কাশ্মীর। তবে ২০২৪ সালে নির্বাচন হলেও পূর্ণরাজ্যের স্বীকৃতি এখনও মেলেনি ভূস্বর্গের। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরই সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী ওমর। সোমবার বিধানসভায় বিজেপি মুখ্যমন্ত্রীর ওই সিদ্ধান্তের প্রশংসা করেন। শাসক দল ন্যাশনাল কনফারেন্স এবং প্রধান বিরোধী দল বিজেপির সুরে পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করেন সব দলের বিধায়কেরা।

About Post Author