Home » তালিকায় নাম নেই কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কালীঘাট অভিযান, হাজরা মোড়ে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি

তালিকায় নাম নেই কেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কালীঘাট অভিযান, হাজরা মোড়ে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি

সময় কলকাতা ডেস্ক:- সোমবার কালীঘাট অভিযানের ডাক দেন ‘যোগ্য’ তালিকায় জায়গা না পাওয়া শিক্ষক-শিক্ষিকারা। সোমবার এসএসসি ভবনের সামনে থেকে বেলা সাড়ে বারোটায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাঁদের কর্মসূচি অনুযায়ী, প্রথমে মিছিল পৌঁছয় হাজরা মোড়ে। সেখানেই তাঁরা অবরুদ্ধ করে রাখেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। আটকে দেয় পুলিশ।

গত শনিবার দুপুর দু’টো নাগাদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবিতে তাঁর বাড়ির সামনে পৌঁছে যান ‘অযোগ্য’ চাকরিহারারা। তবে ব্রাত্যর বাড়ির ১০০ মিটার দূরেই তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় লেকটাউন থানার পুলিশ। এরপরই তাঁরা সেখানে ধর্ণায় বসে পড়েন। পুলিশের তরফ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী বাড়িতে নেই। অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তাই তিনি দেখা করতে পারবেন না। এরপরই তাঁরা সেখান থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁরা কালীঘাটে যাবেন। সেই কথামতো সোমবার দুপুরেই ‘কালীঘাট অভিযানে’র ডাক দেওয়া হয়। সোমবার রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন অনেকে।

আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলি থেকে।

সেখানে যাঁদের নাম আছে, তাঁদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম সেখানে নেই। সেই কারণেই সোমবার এই প্রতিবাদ কর্মসূচি। চাকরিহারারা বলতে থাকেন, শিক্ষা দফতর তো কিছু করছে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান তাঁরা। রাস্তায় চাকরিহারারা অনেকেই বসে পড়েন, স্লোগান দিতে শুরু করেন। এমন পরিস্থিতিতে কার্যত হাজরা মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। ভিড় সরাতে পুলিশের ধড়পাকড় শুরু হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কয়েকজন চাকরি হারাকে পুলিশ ভ্যানেও তোলা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে ‘যোগ্য’ শিক্ষকদের। মিলবে বেতনও। এরপরই তাঁদের একটি তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকাটি ইতিমধ্যেই জেলায় জেলায় বিভিন্ন ডিআই অফিসে পাঠানো হয়েছে। কিন্তু এই তালিকায় যাঁদের নাম নেই, তাঁরাই ‘অযোগ্য’ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অর্থাৎ শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এঁরা আর কাজ করতে পারবেন না। ফেরত দিতে হবে এতদিনের বেতনও। তাতেই আপত্তি জানিয়ে এসএসসি ভবনের সামনে ধর্ণায় বসেন ‘অযোগ্য’ চাকরিহারারা। আর সোমবার তাঁরাই কালীঘাট অভিযানের ডাক দেন।

About Post Author