Home » সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদির, এবার কি প্রত্যাঘাত স্রেফ সময়ের অপেক্ষা?

সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদির, এবার কি প্রত্যাঘাত স্রেফ সময়ের অপেক্ষা?

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত কবে প্রত্যাঘাত করবে, সেই প্রশ্নই ঘুরপাক খেয়েছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর ওই বৈঠকেই প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। জঙ্গি হামলার পরে ভারতের তরফ থেকে কী ভাবে প্রত্যাঘাত আনা হবে, তার ধরণ, টার্গেট এবং সময় নির্ধারণের জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন ভারতীয় সেনাকে।

মঙ্গলবারই পহেলগাঁও হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে মঙ্গলবারের জরুরি বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। রাজনাথ সিং, অজিত ডোভালের সঙ্গে বৈঠকে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও। উপস্থিত ছিলেন নৌ-বাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান অমর প্রীত সিংও। মোট ৯০ মিনিট ধরে চলে এই বৈঠক।

কাশ্মীরের আইন শৃঙ্খলার সঙ্গে সঙ্গেই কী ভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে সেই সমন্ধেও কথা হয়ে থাকতে পারে বলে সূত্রের খবর। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরেই প্রতিশোধের আগুনে ফুঁসছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই বলেছেন কাউকে রেয়াত করা হবে না। একই সুরে আক্রমণ শানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সুর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলাতেও। একের পর এক উচ্চ-স্তরের বৈঠকের এই ধারাবাহিকতা প্রমাণ করে পহেলগাঁও হামলার জবাব দিতে ভারত ঘুঁটি সাজাচ্ছে। প্রশ্ন উঠছে, এবার কি প্রত্যাঘাত স্রেফ সময়ের অপেক্ষা?

About Post Author