সময় কলকাতা ডেস্ক:- বর্ধিত ডিএ-সহ এপ্রিল মাসের বেতন পেতে শুরু করলেন ‘যোগ্য’ শিক্ষকরা। হাজারো দুশ্চিন্তার মধ্যেও মিলল সাময়িক স্বস্তি। ৪ শতাংশ বর্ধিত ডিএ-সহ এই বেতন পেলেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকদের অনেকেই। বুধবার দুপুরের পর নিজেদের স্যালারি অ্যাকাউন্টে বেতন ক্রেডিট হওয়ার মেসেজ পান একাধিক জেলার ‘যোগ্য’ শিক্ষকরাও। যদিও একটা বড় অংশ এখনও বেতন পাননি।
উত্তর ২৪ পরগনার শিক্ষিক স্নেহাশীষ সিংহ বলেছেন, ‘বেতন পেয়েছি। কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়।’ মঙ্গলবারই রাজ্য সরকারি কর্মীদের বড় একটি অংশের ডিএ-সহ বেতন ঢুকেছে। ৪ শতাংশ ডিএ-সহ এ মাসের বেতন ঢুকেছে। বাজেটেই ৪ শতাংশ ডিএ বাড়ার কথা ঘোষণা করা হয়েছিল।
শিক্ষিকা অঙ্কনা দাস বলেন, ‘আমরা চাই স্থায়ী সমাধান। আমরা যে নিজেদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম সর্বত্র তা প্রমাণিত হোক।’ প্রধান শিক্ষকরা বলছেন, ‘শুধুমাত্র যোগ্য বিবেচিত শিক্ষকরাই বেতন পেতে শুরু করেছেন।’ সঠিক সময়েই ডিএ সমেত বেতন পেলেও পুরোপুরি ‘দুশ্চিন্তা মুক্ত’ হতে পারছেন না বলে জানিয়েছেন ‘যোগ্য’ বিবেচিত হওয়া পশ্চিম মেদিনীপুরের শিক্ষক-শিক্ষিকারা। মকরামপুর ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠের গণিত বিষয়ের শিক্ষক অভিজিৎ গিরি, কেশপুরের আন্দিচক হাইস্কুলের পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক অতনু দত্ত বলেন, ‘কিছুটা স্বস্তি তো অবশ্যই। কিন্তু, পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হতে পারছি কি? একটাই চিন্তা ৩১ ডিসেম্বরের পর কী হবে!’
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা বলছেন, ‘যাঁদের নাম যোগ্যদের তালিকায় রয়েছে, তাঁরা তাঁরা ধাপে ধাপে বেতন পাবেন।’ গত ২৮ এপ্রিলের মধ্যেই বেতনের রিকুইজিশন তাঁরা সাবমিট করেছিলেন বলেও জানিয়েছেন তাঁরা। পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার মতো জেলার কয়েকটি মহকুমার বেশ কয়েকজন ২০১৬ সালের প্যানেল অনুযায়ী চাকরিহারা যোগ্য শিক্ষকরাও জানিয়েছেন বেতন হয়েছে।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের