সময় কলকাতা ডেস্ক:- উত্তরপ্রদেশের সাহারনপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে শুক্রবার আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন ফাইটার জেট অবতরণ ও উত্তরণের মহড়া সারল ভারতীয় বায়ুসেনা। শুধু দিনের আলোয় নয়। রাতের অন্ধকারেও চলল মহড়া। উত্তরপ্রদেশে হওয়া মহড়ায় পাকিস্তানের হাঁটু কাঁপিয়ে দেওয়ার কাজ সারল বায়ুসেনা।
এই মহড়ায় পাকিস্তানকে যুদ্ধের বার্তা দেওয়া হল, এমনই বলছেন বিশেষজ্ঞরা। যদিও যুদ্ধের আবহে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও। বৃহস্পতিবার টিলা ফিল্ড অ্যান্ড ফায়ারিং রেঞ্জে হ্যামার স্ট্রাইক মহড়া করেছে পাকিস্তান সেনাও। যেখানে পাক সেনাপ্রধান আসিম মুনির দিল্লির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনওরকম সেনা অভিযান হলে, তার যোগ্য জবাব দিতে তৈরি ইসলামাবাদ।
এদিকে সকালে ও রাতে দু’ দফায় গঙ্গা এক্সপ্রেসওয়ের মাঝে সাড়ে তিন কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপে কান ফাটানো আওয়াজে ল্যান্ড অ্যান্ড গো ফ্লাইপাস্ট করল বায়ুসেনার বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার। রাফেল, সুখোই এসইউ ৩০ এমকেআই, বালাকোটে এয়ারস্ট্রাইক করা মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ার, সি-১৩০ জে সুপার হারকিউলিস, এএন ৩২, এমআই-১৭ হেলিকপ্টারও এদিন অংশ নিল মহড়ায়। সরকারী সূত্রে বলা হল, দিনে ও রাতে ভারী সামরিক বিমান পরিবহনের উদ্দেশ্যে তৈরি এক্সপ্রেসওয়ের পরীক্ষা করা হল। যদিও পহেলগাঁও নাশকতার আবহে দেশজুড়ে যখন ওঠা শুরু হয়েছে যুদ্ধের জিগির, তখন এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিন এরই মাঝে, বৈসরন নাশকতা নিয়ে রিপোর্ট জমা দিল এনআইএ। যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে লস্কর, পাক সেনা এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সম্মিলিত ষড়যন্ত্র।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার