Home » অপারেশন সিঁদুরের প্রভাব পাল্টাচ্ছে আইপিএল-এর সফরসূচি

অপারেশন সিঁদুরের প্রভাব পাল্টাচ্ছে আইপিএল-এর সফরসূচি

সময় কলকাতা ডেস্ক:- বুধবার মধ্যরাতের পর থেকে ভারতীয়দের চর্চায় এখন শুধুই অপারেশন সিঁদুর। মঙ্গলবার মধ্যরাতে পরিকল্পিত আক্রমণ করে পাক ও পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন ক্রিকেটাররা। সচিন থেকে গম্ভীর, শিখর থেকে সহবাগ- সকলেই স্যালুট জানিয়েছেন সেনাকে। এ বার এই পরিস্থিতির প্রভাব পড়ল আইপিএল-এও।

বৃহস্পতিবার অর্থাৎ ৮ মে পাঞ্জাব কিংস তাদের ঘরের মাঠে খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে আলাদা কোনও নির্দেশ না পেলে ওই ম্যাচ আয়োজন করা নিয়ে কোনও সমস্যার সৃষ্টি হবে না। কারণ ইতিমধ্যেই দিল্লির টিম পৌঁছে গিয়েছে পাঞ্জাবে।

মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ রবিবার, অর্থাৎ ১১ মে। ধরমশালার পাশাপাশি নিকটবর্তী চণ্ডীগড় ও অমৃতসর বিমানবন্দর বন্ধ থাকায় মুম্বইয়ে পৌঁছনো নিয়ে সৃষ্টি হয়েছে সমস্যা। বোর্ডের এক সদস্য এ বিষয়ে জানিয়েছেন, ‘এখন আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দিল্লি এয়ারপোর্ট সবচেয়ে নিকটবর্তী বিকল্প। তবে দিল্লি হয়ে পাঞ্জাব পৌঁছতে গেলে অনেকটা সফর করতে হবে প্লেয়ারদের। আমরা সরকারের আগামী নির্দেশিকার অপেক্ষা করছি, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, ভারত-পাক সীমান্তের কাছাকাছি থাকা অসংখ্য বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু, শ্রীনগর, লে, ধরমশালা, যোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, রাজকোট এবং আরও কয়েকটি। অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতিতে ১০ মে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এই এয়ারপোর্টগুলি। ধরমশালা বিমানবন্দর বন্ধ থাকায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ খেলতে যাওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে।

About Post Author