সময় কলকাতা ডেস্ক:- অপারেশন সিঁদুরের বদলা হিসেবে শুক্রবার রাতভরও সীমান্তে এলোপাথাড়ি ড্রোন হামলা চালায় পাকিস্তান। দেশের সীমান্তবর্তী ২৬ টি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে রাতভর চলে গুলি বর্ষণও। তবে পাল্টা জবাব দিতে থাকে ভারতও। পাকিস্তানের ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি রাওয়ালপিন্ডির নুর খান-সহ তিনটি বিমানঘাঁটিতে শুক্রবার গভীর রাতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারত।
শুক্রবার গভীর রাতে রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটিতে বডসড় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। যার জেরে পাক সরকার আপাতত সমস্ত রকম বিমানের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের ডিরেক্টর জেনারেল লেফটেনেন্ট আহমেদ চৌধুরী তাদের দেশের সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছেন, রাতের অন্ধকার নূর খান, মুরিদ ও রাফিকুই-সহ তিন পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত।
বৃহস্পতিবার, দেশের একাধিক সেনা পরিকাঠামোতে আঘাত আনার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছে ভারতীয় বিদেশমন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ৩০০ থেকে ৪০০ টি তুরস্ক ড্রোন নিয়ে ভারতের উপর হামলা চালায় পাকিস্তান। কিন্তু প্রতিটা হামলাই ব্যর্থ হয়। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মিনিট খানেকও টিকতে পারে না পাক ড্রোনগুলি। এই ঘটনার পর দিন অর্থাৎ শুক্রবার সন্ধে পেরিয়ে রাত গড়াতেই জম্মু-কাশ্মীর-সহ পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায় পাক সেনা। এই হামলার জেরে আহত হয় বেশ কয়েক জন ভারতীয় নাগরিকও। তবে মোটের বিশেষ ক্ষয়ক্ষতি টানতে পারেনি পাকিস্তান। মাঝরাতে তাদের খেল খতম করে ভারত।
এরপর ভোর রাত হতেই পাকিস্তানের পাল্টা হামলা। শুক্রবার রাতে পাকিস্তানের অধিকাংশ হামলা ভারত রুখে দিলেও পাক সেনার ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হন। এদিকে, পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে রাজৌরিতে নিহত হন এক সরকারি আধিকারিক-সহ তিন জন। এই মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার