Home » ‘পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগোচ্ছে’, ‘যুদ্ধে প্রস্তুত ভারতও’, জানিয়ে দিল ভারতীয় সেনা

‘পাকিস্তানি সেনা সীমান্তের দিকে এগোচ্ছে’, ‘যুদ্ধে প্রস্তুত ভারতও’, জানিয়ে দিল ভারতীয় সেনা

সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানি সেনা ক্রমশ ভারতীয় সীমান্তের দিকে এগোচ্ছে বলে দেখা যাচ্ছে। অর্থাৎ, পাকিস্তান এবার পুরোপুরি যুদ্ধের দিকে পরিস্থিতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলছে। শনিবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক সম্মেলনে এই দাবি করে বলেন, পাক বাহিনী ক্রমশ সীমান্তের দিকে এগিয়ে আসছে।

তাঁরা আরও বলেন, পাক স্থলবাহিনীর সামনের দিকে এগিয়ে আসার অর্থই হল তারা আরও উত্তেজনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় সশস্ত্র বাহিনীও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তানের যে কোনও পদক্ষেপের দ্রুত ও যোগ্য জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ রয়েছে ভারতীয় বাহিনী। ভারত চায় উত্তেজনা প্রশমিত হোক, কিন্তু পাকিস্তান যদি তাতে সাড়া দেয় তো, জানিয়ে দেয় সেনা।

অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। পাকিস্তানের আচরণেই দুদেশের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে শনিবার সকালে সাংবাদিক বৈঠকে জানাল দেশের বিদেশ মন্ত্রক। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তানের আচরণেই উত্তেজনা বাড়ছে। যার প্রত্যুত্তর দিচ্ছে ভারত।

সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তানের বিমানহানায় উধমপুর, ভুজ, পাঠানকোট ও ভাটিন্ডার ভারতীয় বিমানঘাঁটির সামান্য কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। পাকিস্তান ক্রমাগত হানাদারি চালিয়ে যাচ্ছে। ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছাড়াও গোলা ছুড়ে চলেছে রাতভর। পূর্ণাঙ্গ যুদ্ধের কায়দায় জেট বিমান দিয়ে আক্রমণ চালাচ্ছে ভারতীয় ঘাঁটিগুলি লক্ষ্য করে। প্রায় ২৬ টি জায়গা দিয়ে পাক বিমান ভারতে ঢোকার চেষ্টা করেছিল শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত। রাত ১টা ৪০ মিনিট নাগাদ তারা পাঞ্জাবের বিমানঘাঁটিতে আক্রমণের চেষ্টা চালায়। এমনকী যুদ্ধ শর্ত লঙ্ঘন করে হাসপাতাল ও স্কুলেও হানাদারির চেষ্টা করে পাক বাহিনী।

ভারতীয় সেনা তথ্য দিয়ে জানায়, ভারতীয় বাহিনী অত্যন্ত দ্রুততা ও নির্দিষ্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনা ঘাঁটি ও জঙ্গি তালিম শিবিরগুলিকে আক্রমণ করে। এর মধ্যে বিএসএফ শিয়ালকোটের একটি জঙ্গিঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ভারতীয় সেনা আরও জানায়, ভারতীয় বাহিনী প্রত্যাঘাতে কোমর ভেঙে যাওয়া পাকিস্তান এখনও কুরুচিকর, মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। পাকিস্তান যে দাবি তুলেছে তারা ভারতের সুরাত ও সিরসায় বিমানঘাঁটিতে থাকা এস-৪০০ সিস্টেম নষ্ট করেছে, তা সম্পূর্ণত মিথ্যা দাবি।

সীমান্তে লাগাতার পাক উসকানি। আকাশপথে হামলার ব্যর্থ চেষ্টা। নিয়ন্ত্রণরেখা মুহুর্মুহু গোলাবর্ষণ পাকসেনার। শুক্রবার রাত থেকে জম্মু শহরের মধ্যে লাগাতার শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। জম্মু, শ্রীনগর, জয়সলমের থেকে অমৃতসর- সর্বত্র দেখা গিয়েছে ড্রোন হামলার চেষ্টা। জবাব দিতে মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ডেরায় গোলাবর্ষণ করে ভারত। ভারতের প্রতিরোধ এবং প্রত্যাঘাতে নাজেহাল পাকিস্তান। দু’দেশেই তুঙ্গে সেনা তৎপরতা। একের পর এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক। সবমিলিয়ে উত্তাপ ঊর্ধ্বমুখী।

About Post Author