সময় কলকাতা ডেস্ক:- বিসিসিআইকে আগেই জানিয়েছিলেন বলে খবর ছিল। সোমবার সামাজিক মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে টেস্ট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। ফলে লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার পরে শেষ হল আরও একটি বর্ণময় অধ্যায়।
২০১১ সালের ২০ জুন টেস্টে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় বিরাটের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ১৫ রান করেন তিনি। বিরাট শেষবার টেস্ট খেলেন ২০২৫ সালের ৩ থেকে ৫ জানুয়ারি। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টেস্টের প্রথম ইনিংসে ১৭ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন তিনি। দীর্ঘতম ফরম্যাটে নিজেকে অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বিরাট। ১৪ বছরের কেরিয়ারে ভারতীয় দলকে এনে দিয়েছেন বহু সাফল্য। বর্ণময় টেস্ট কেরিয়ারে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৯ হাজার ২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০ টি সেঞ্চুরি এবং ৩১ টি হাফ সেঞ্চুরি রয়েছে বিরাটের ঝুলিতে।
২০১৪-১৫ সালে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন বিরাট। তাঁর অধিনায়কত্বে লাল বলের ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভারতীয় দল। ৬৮ টি টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। যার মধ্যে জিতেছেন ৪০ টি ম্যাচ। টেস্টে ভারতীয় দলের অধিনায়কদের মধ্যে যা সর্বোচ্চ।
ভারতীয়দের মধ্যে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রানপ্রাপক তিনি। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়,ও সুনীল গাভাসকর। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন বিরাট। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে দাগ কাটতে পারেননি তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন না কেন, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের অনুপস্থিতিতে কোহলির অভিজ্ঞতা দলের জন্য কার্যকর হয়ে উঠত।
সেই কারণেই বোর্ডের তরফে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই অবসর না নিতে। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন বিরাট। ফলে রোহিতের মতো তাকেও কোনও রকম টেস্ট ম্যাচ না খেলেই ব্যাট তুলে রাখতে হবে। এদিন, বাকিদের মতো এই সিদ্ধান্ত নিতে গিয়ে ইমোশনাল হয়েছিলেন বিরাট নিজেও। সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিরাট লিখেছেন, ‘এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়নি। তবে এটাই যথাযথ মনে হচ্ছে। আমার যা ছিল, সবটুকু নিংড়ে দিয়েছি। প্রতিদানে যা পেয়েছি, তা কখনও কল্পনাও করতে পারিনি। অত্যন্ত কৃতজ্ঞ চিত্তেই আমি সরে যাচ্ছি।’


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া