Home » সুদীপকে সরানো হল সভাপতির পদ থেকে, উত্তর কলকাতায় কোর কমিটিতেই ভরসা মমতার

সুদীপকে সরানো হল সভাপতির পদ থেকে, উত্তর কলকাতায় কোর কমিটিতেই ভরসা মমতার

সময় কলকাতা ডেস্ক:- লোকসভা ভোটের আগে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝোড়ো সমালোচনায় নেমেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সুদীপকে দুর্নীতিপরায়ণ বলে অভিযোগ করে কুণাল প্রশ্ন তুলেছিলেন, তাঁকে কেন ফের লোকসভা ভোটে প্রার্থী করা হবে! সুদীপের উপর অসন্তোষের কারণেই দল ছেড়েছিলেন উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা তাপস রায়। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরালেও উত্তর কলকাতায় কোনও এক জন নেতাকেও জেলার সাংগঠনিক সভাপতি পদের দায়িত্ব দিলেন না দলনেত্রী। পরিবর্তে একটি কোর কমিটি গঠন করে দেওয়া হল। তাতেও রইল চমক।

উত্তর কলকাতা তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষকে সেই কোর কমিটিতে রাখা হল না। উত্তর কলকাতায় নতুন যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাতে রাখা হয়েছে ৯ জনকে। তাঁরা হলেন, অতীন ঘোষ, শশী পাঁজা, জীবন সাহা, পরেশ পাল, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, নয়না বন্দ্যোপাধ্যায় বিবেক গুপ্তা ও স্বর্ণকমল সাহা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যে সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হবে তা লোকসভা ভোটের পর পরই খানিকটা স্বষ্ট হওয়া শুরু হয়েছিল। তবে সেই সময়ে প্রশ্ন উঠেছিল যে কুণাল ঘোষকে কি কলকাতা উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি করা হবে?

জল্পনা ছিল এটাও।

উত্তর কলকাতায় তৃণমূলের নেতাদের মধ্যে কুণাল- অন্যতম উজ্জ্বল মুখ বলে মনে করা হত। তবে কোর কমিটিতে তাঁর নাম না থাকায় অনেকেই অবাক হয়েছেন। উত্তর কলকাতায় সেই বীরভূম মডেলই তৈরি করা হল। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদে তৃণমূল কংগ্রেসে অন্যতম মুখ তিনি। সভাপতি পদ থেকে তিনি অপসারিত হলেন। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলা সভাপতি পদ থেকে সরানো হলেও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে কোর কমিটিতে রাখা হয়েছে। অর্থাৎ সুদীপ না থাকলেও তাঁর একটা প্রতিনিধিত্ব নয়া কমিটিতে রইল। অনেকের মতে, কোর কমিটি গঠন করে দেওয়া মানে উত্তর কলকাতায় তৃণমূলের কোনও একজন গ্রহণযোগ্য নেতার অভাব রয়েছে, যাঁকে সবাই মেনে চলবেন। তাপস রায় তৃণমূল না ছাড়লে সম্ভবত এই দায়িত্ব তিনিই পেতে পারতেন।

About Post Author