Home » শুভেন্দুর উল্টো সুর দিলীপের মুখে! বার্লার দলত্যাগে আশঙ্কার আঁচ পাচ্ছেন দিলীপ?

শুভেন্দুর উল্টো সুর দিলীপের মুখে! বার্লার দলত্যাগে আশঙ্কার আঁচ পাচ্ছেন দিলীপ?

সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবারই দল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি-র উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ জন বার্লা। বার্লার এই দলবদল নিয়ে এবার পরস্পর বিরোধী অবস্থান শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের প্রতিক্রিয়ায়। যা নিয়ে নতুন করে কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহলে। দল বদলে বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। তাঁর এই দলবদলের জন্য সাংবাদিক বৈঠক থেকে সরাসরি শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন জন বার্লা।

বার্লার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে ইতিমধ্যে তাঁকে আইনি নোটিস ধরিয়েছেন বিরোধী দলনেতা। ক্ষমা না চাইলে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। ঠিক এই পরিস্থিতিতেই জন বার্লার পাশেই দাঁড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জন বার্লাকে ‘বড় নেতা’ বলেও উল্লেখ করেন দিলীপ। শুধু এখানেই না থেমে এ ব্যাপারে দলের দিকেই প্রশ্ন ছুড়়ে দেন দিলীপ। বলেন, এত বড় নেতা কেন পার্টি ছেড়ে চলে গেল, সেটা দলকেও ভাবতে হবে।

কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন দিলীপ। বলেন, চা বাগান এলাকায় ট্রেড ইউনিয়নে জন বার্লার যথেষ্ট প্রভাব রয়েছে। উনি দলে আসায় বিজেপির লাভও হয়েছিল। কেন দল ছাড়লেন, এর পিছনে কারা রয়েছে, সেটা পর্যবেক্ষণ করে দেখা উচিত। এটা চিন্তার বিষয়।

জন বার্লার দল বদলের জন্য দিলীপ সরাসরি কারও নাম উল্লেখ না করলেও দায়ী করেছেন দলের একাংশকেই। কাকতালীয়ভাবে, নিজের এই দলবদলের জন্য শুভেন্দুকে দায়ী করেছেন বার্লা। অনেকেই বিষয়টিতে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।

বার্লা ইস্যুতে দিলীপ ও শুভেন্দুর পরস্পর বিরোধী মন্তব্য নিয়েও বিভিন্ন মহলে কৌতূহল চড়ছে। বার্লার পথে দিলীপও আগামী দিনে হাঁটতে পারেন কিনা, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। দক্ষ সংগঠকের অভাব। আবার গোদের উপর বিষফোঁড়ার মতো রয়েছে ঘরোয়া কোন্দল। দু’য়ে মিলে জর্জরিত বঙ্গ বিজেপি। তাই প্রতিটি নির্বাচনে ডাহা ফেল গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে আবার বড় নেতৃত্বের দলবদল। প্রাক্তন সাংসদ জন বার্লার শিবির বদলে আশঙ্কার মেঘ দেখছেন দিলীপ ঘোষ। দিলীপ কি সুকৌশলে শুভেন্দুর দিকেই আঙুল তুললেন? স্বাভাবিকভাবেই ওয়াকিবহাল মহলে সে প্রশ্ন মাথাচাড়া দিয়েছে।

About Post Author