সময় কলকাতা ডেস্ক:- বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিপুল পরিমাণ সাফল্যের পরে এবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতিদের সঙ্গে আলোচনা করেন তিনি। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা শিল্পের সঙ্গে যুক্ত শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গে শিল্প নিয়ে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে কয়েকজন শিল্পপতিকে নিয়ে একটি কোর কমিটি করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কী কী ঘোষণা করলেন মুখমন্ত্রী?
নর্থ বেঙ্গল বাণিজ্য সম্মেলন থেকেই উত্তরায়ণের পাশে উত্তরবঙ্গ কনভেনশন সেন্টার তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাগডোগরার পাশে ৪ একর জমিতে হোটেল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শিল্পের উন্নয়নে কোচবিহারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথাও ঘোষণা করেন মমতা। পাশাপাশি, ডব্লিউবিএসআইডিসিএল-এর চারটি শিল্প পার্কের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ টু দিঘা, প্রতিদিন চলবে ৬ টি ভলভো বাস। শিলিগুড়ির বিজনেস সামিটে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের কোনও রেসিডেন্সিয়াল স্কুল ছিল না। এবার সেই সমস্যার সমাধান হল। এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে মেয়েদের জন্য টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিলিগুড়িতে বাণিজ্য সম্মেলনে সামিল হয়েই শিল্পপতি হর্ষ নেওটিয়া জানান, আগামী ৫ বছরে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
শিল্প সম্মেলনে সামিল হওয়া ব্যবসায়ীদের মধ্যেই দার্জিলিং জেলা ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল বলেন, ২০১১ সালের আগে সিএম তো দূর ডিএমের দেখাও পাওয়া যেত না। এভাবে আগে কখনও কোনও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জন্য উদ্যোগ নেননি।
শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্প সম্মেলনে সকল শিল্পপতিদের কথা শোনেন মুখ্যমন্ত্রী। ছোট–মাঝারি শিল্পের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বাণিজ্য সম্মেলন থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, দ্রুত কাজ করতে হবে। কাজ ফেলে রাখা যাবে না।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?