Home » বড় বিপদ থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস!

বড় বিপদ থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস!

সময় কলকাতা ডেস্ক:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল রাজধানী এক্সপ্রেস। বিপদের হাত থেকে বেঁচে গেল অন্য একটি দূরপাল্লার ট্রেনও। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রের খবর, রাজধানী ও আরও একটি দূরপাল্লার ট্রেনকে বেলাইন করার চক্রান্ত হয়েছিল। লোকো পাইলট সতর্ক থাকায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। উত্তরপ্রদেশের হারদোই জেলায় সোমবারের ঘটনা। মঙ্গলবার পুলিশ ঘটনাটি জানিয়েছে।

জানা গিয়েছে, কাঠগোদাম এক্সপ্রেসও একই ঘটনার সামনে পড়ে। ১৫০৪৪ কাঠগোদাম এক্সপ্রেসকেও বেলাইন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তখনও লোকো পাইলটের চেষ্টায় বিপদ এড়ানো গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি, আরপিএফ এবং স্থানীয় পুলিশ।

সোমবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রেল লাইনে মোটা তার দিয়ে কাঠের পাঠাতন বেঁধে রেখেছিল। দালেলনগর থেকে উমরতালি যাওয়ার পথে রেললাইনে এই ঘটনা ঘটানো হয়েছে। ২০৫০৪ রাজধানী এক্সপ্রেস ওই লাইন দিয়ে যাচ্ছিল। অসমের ডিব্রুগড় থেকে দিল্লি যাচ্ছিল ওই ট্রেনটি। রাজধানীর চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেন দাঁড় করায়। তাতেই বিপদ থেকে বাঁচে ডিব্রুগড়-দিল্লি রাজধানী।

About Post Author