সময় কলকাতা ডেস্ক:- বিদেশ সফররত সর্বদলীয় প্রতিনিধিরা দেশে ফিরলেই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এমনই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কার্যত তার পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চান, মুর্শিদাবাদের ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন হোক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। যাকে বলে পাকিস্তানের পাল্টা মুর্শিদাবাদ!
শুক্রবার স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আর্জি জানান, কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলগুলি ফিরে এলেই সংসদে বিশেষ অধিবেশন হোক পাকিস্তান ইস্যুতে। তাঁর মত, অন্যের থেকেও আগে দেশের মানুষের সবটা বিস্তারিতভাবে জানা উচিত। তবে মুখ্যমন্ত্রীর এই দাবির পাল্টা দিয়েই মুর্শিদাবাদ ইস্যু ফের তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী।
তিনি চান, সেই জেলার হিংসার ঘটনাও রাজ্যবাসীকে জানানো হোক বিশেষ অধিবেশন করে। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য, এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর রাজ্যের মানুষও চায়। তাই মুর্শিদাবাদ নিয়ে বিশেষ অধিবেশনের প্রয়োজন রয়েছে।
কী সেই প্রশ্ন?
শুভেন্দু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, রাজ্যের মানুষ এই প্রশ্নগুলির উত্তর চায় – কেন অভিযোগ পাওয়ার পরও পুলিশ ব্যর্থ হল? কেন শুধুমাত্র হিন্দুদের বাড়িকে নিশানা করা হল? কেন তৃণমূলের দলের লোকেরা এই পরিস্থিতি তৈরি করল?
গত বুধবারই কলকাতা হাইকোর্ট গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জানিয়েছে, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসা পূর্বপরিকল্পিত এবং তৃণমূলের নেতারা হামলার পিছনে উস্কানি দিয়েছিলেন। ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহেবুব আলমকে মূল ‘দোষী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টে। পুলিশের ভূমিকা নিয়েও কাটাছেঁড়া করা হয়েছে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে। তাঁদের বক্তব্য, পুলিশ দর্শকের ভূমিকায় ছিল। হিংসা আটকাতে কোনও রকম চেষ্টাই করেনি।
এসবের মাঝেই এবার মমতা সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলতেই মুর্শিদাবাদ ইস্যুতে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মুর্শিদাবাদের অশান্তি আদতে পরিকল্পিত এবং তা নিয়ে শীঘ্রই সত্য তথ্য প্রকাশ করবে রাজ্য সরকার। হিংসার ঘটনার তিন সপ্তাহ পর মুর্শিদাবাদে পা রেখে এ কথাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে বহিরাগতরা এসে অশান্তি তৈরি করেছে বলেও সরব হয়েছিলেন মমতা। তবে আদালতের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট বলছে অন্যকথা। ফলে মুর্শিদাবাদের অশান্তি থিতু হলেও সেই অশান্তি নিয়ে শাসকবিরোধী তর্জা অব্যাহত। এবার একধাপ এগিয়ে এই জেলার হিংসা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বিশেষ অধিবেশনের দাবি বিরোধী দলনেতার।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার