সময় কলকাতা ডেস্ক:- বাজারের টাটকা-তাজা মাছ কিনতে গিয়ে দাম শুনে মাঝে মধ্যেই ফাঁকা ব্যাগ হাতে ফিরে আসতে হয় মাছপ্রিয় বহু মধ্যবিত্ত বাঙালিকে। কেউ তো আবার হাওড়া অথবা অন্ধ্রের মাছের উপরেই ভরসা করে থাকেন।
মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাদুল্লাপুর মহাশ্মশান যাওয়ার পথে রাজ্য সড়কের ধারে এক হাজার হেক্টরেরও বড় জলাশয়জুড়ে রয়েছে সাগরদিঘি মৎস্য প্রজননকেন্দ্রটি।
এখানে মাছের ডিম থেকে চারাপোনা তৈরি এবং বিক্রি করা হয়ে থাকে। জলাশয়ে অসংখ্য প্রজাতির মাছ রয়েছে। সেই জলাশয় থেকেই মাছ ধরে তা সাগরদিঘির মৎস্য বিপণনকেন্দ্রে বিক্রির পরিকল্পনা করেছে মৎস্য দপ্তর।
জেলা মৎস্য দপ্তরের আধিকারিক অঞ্জনকুমার বসু জানিয়েছেন, ‘মাছ বিক্রির স্টলটি চালু হওয়ার পরে সবকিছু সাজিয়েগুছিয়ে নেওয়ার কাজ চলছে। আশা করি, রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া সুলভ মূল্যের মাছ খুব তাড়াতাড়ি সাধারনের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।’
গত বুধবার এখানে একটি মাছের স্টলেরে উদ্বোধন করে জেলা প্রশাসন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ কেজি করে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে এই স্টলে। গামলাভর্তি জলের মধ্যে রাখা হবে জ্যান্ত মাছগুলো। ক্রেতারা বাছাই করে ওজন দেখে নিয়ে তা কিনতে পারবেন।
মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য তথা মৎস্য কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সী বলেন, ‘সুফল বাংলা প্রকল্পের মাধ্যমেই সহায়ক মূল্যে তরতাজা মাছ জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছের একটি তালিকাও তৈরি করা হয়েছে। বর্তমানে মাছের যে বাজারদর, তার থেকে অনেক সস্তায় ভালো মানের মাছ কেনার সুযোগ পাবেন ক্রেতারা। আগামীতে চাহিদা মতো মাছ চাষ ও স্টলের বিক্রি দুই বাড়ানো হবে।’
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাজারে এক কিলো ওজনের রুই অথবা কাতলার দাম যদি ২০০ থেকে ২৫০ টাকা হয়, এই সরকারি স্টলে তার দাম পড়বে ৯০ থেকে ১০০ টাকা। এছাড়াও মৃগেল, গ্যাসকর্প, চিতল, আর, মিরকা-সহ এই সরকারি জলাশয়ে উৎপাদিত বিভিন্ন ধরনের মাছ কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
ইংরেজবাজার ব্লকের রাজ্যের সর্ববৃহৎ মৎস্য প্রজননকেন্দ্র সাগরদিঘিতে এই মৎস্য বিপণনকেন্দ্র চালু করেছে জেলা প্রশাসন। প্রাথমিক ভাবে সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার সরকারি স্টল থেকে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। মৎস্য দপ্তরের সহযোগিতায় মালদার সাগরদিঘির মাছ বাজারের তুলনায় অনেকটা কম দামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?