Home » নন্দীগ্রামের সমবায় ভোটে বিপুল জয় বিজেপির

নন্দীগ্রামের সমবায় ভোটে বিপুল জয় বিজেপির

সময় কলকাতা ডেস্ক:- শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকার একটি সমবায় নির্বাচনে বিপুল ভোটে জিতল বিজেপি। শনিবার বিকেলে জয়ের খবর পাওয়া মাত্র উল্লাসে মাতেন বিজেপি কর্মীরা। তবে গেরুয়া শিবিরের এই জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

স্থানীয় তৃণমূল নেতা সেখ সফিউল বলেন, ‘দল সেই ভাবে সমবায় নির্বাচনে গুরুত্ব দেয়নি। বিজেপি বিপুল টাকা খরচ করে, ভয় দেখিয়ে সমবায় দখল নিয়েছে। আমরা নিজেরা লড়াই করে ১৮ টি আসনে জয়লাভ করেছি। আগামী বিধানসভা নির্বাচনেও আমরাই জিতব।’

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রলয় পাল বলেন, ‘নন্দীগ্রামের হিন্দুরা জেগে উঠেছে। তাই বিপুল আসনে জিতেছি। আগামী দিনে নন্দীগ্রামের মতো গোটা রাজ্যে হিন্দুরা জেগে উঠলে ২৬-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে।’

এ দিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। সকাল থেকে কড়া পুলিশি পাহারায় শুরু হয় ভোট। সমবায়ের মোট ভোটার ১৫৫০। ৬০ আসনের মধ্যে ৪২টি আসনে জেতে বিজেপি। ১৮টিতে জয়লাভ করেছে তৃণমূল।

About Post Author