Home » টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বাণিজ্য নগরীতে থমকে জনজীবন, জলমগ্ন মুম্বইয়ের ভূগর্ভস্থ মেট্রো স্টেশন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, বাণিজ্য নগরীতে থমকে জনজীবন, জলমগ্ন মুম্বইয়ের ভূগর্ভস্থ মেট্রো স্টেশন

সময় কলকাতা ডেস্ক:- প্রবল বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের ওরলি মেট্রো স্টেশন। ছাদ ফুটো হয়ে সেখান থেকে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। কিছুদিন আগেই নতুন এই ভূগর্ভস্থ স্টেশনটির উদ্বোধন করা হয়েছিল। এর মধ্যেই এই বেহাল দশা। ওরলি মেট্রো স্টেশনটি অ্যাকোয়া লাইন ৩-এর মধ্যে পড়ে। এরপরই ওই লাইনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির জলে প্লাবিত হয়ে গিয়েছে স্টেশনের গোটা প্ল্যাটফর্ম। কোনও মতে যাত্রীরা সেখান থেকে বেরিয়ে আসছেন। আবার অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, স্টেশনের ছাদের বিভিন্ন অংশ ফুটো হয়ে গিয়েছে এবং সেখান থেকে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল।

কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। বৃষ্টি ও বজ্রপাতের জেরে বিমান ওঠানামা ও গণপরিবহণে প্রভাব পড়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ ঘণ্টা আরও বেশি বৃষ্টি হবে মুম্বইয়ের বেশকিছু এলাকায়।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। বিপর্যয় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট, ওভারব্রিজ বিশেষ করে ইলেকট্রিক লাইনে নজর রাখতে বলা হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়-সহ বেশকিছু এলাকায় বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এদিকে মুম্বইয়ের বেশকিছু এলাকায় প্রবল বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কুরলা, সায়ন, দাদর ও পারেল-সহ বেশ কয়েকটি নিচু এলাকা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে সকাল থেকেই দৃশ্যমানতা কম থাকায় গণপরিবহণে প্রভাব পড়েছে। এদিকে রেললাইনে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়ের্স্টান ও হারবর লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশিরভাগ ট্রেনের সময়সূচীতে বদল আনা হয়েছে।

About Post Author