Home » কোথায় হামলাকারীরা? কেন ব্যর্থ ইন্টালিজেন্স? বিশেষ অধিবেশনের দাবিতে মোদিকে চিঠি তৃণমূলের

কোথায় হামলাকারীরা? কেন ব্যর্থ ইন্টালিজেন্স? বিশেষ অধিবেশনের দাবিতে মোদিকে চিঠি তৃণমূলের

সময় কলকাতা ডেস্ক:- বারবার সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ। ইন্টেলিজেন্স থাকবে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দিষ্ট পরিকাঠামো আছে। সবটাই কি সম্পূর্ণ ব্যর্থ? যারা হামলা করল তাদের এখনও ধরা যায়নি। তাই এই ইস্যুতে সংসদে দ্রুত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন রয়েছে বলেই মনে করছে তৃণমূল। মঙ্গলবার দলীয় সাংসদদের বৈঠক শেষে এমনটাই জানালেন কাকলী ঘোষ দস্তিদার।

মঙ্গলবার সকালেই এক এক করে তৃণমূলের ৬১সাউথ অ্যাভিনিউ পার্টি অফিসে পৌঁছাতে দেখা যায় তৃণমূল সাংসদদের। সেখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে পুরোনো সংসদের সেন্ট্রাল হলের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সেখানে ফের বৈঠকের কথা ছিল।

তখনই শোনা গিয়েছিল লোকসভার স্পিকার এবং সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানাতে চলেছে তৃণমূল সাংসদরা। কীভাবে এই দাবি জানানো হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদদের টিম যায় স্পিকারের সঙ্গে দেখা করতে।

তৃণমূল সাংসদদের সাফ কথা, পাকিস্তানকে প্রত্যাঘাত ইস্যুতে সরকারের পাশে ছিল তৃণমূল। কিন্তু, পহেলগাঁও হামলায় গোয়ন্দা ব্যর্থতা কেন দেখা গেল? কেন এখনও হামলাকারীদের ধরা যাচ্ছে না? এদিন বারবার সেই প্রশ্ন তুলতে দেখা গেল কাকলী ঘোষ দস্তিদারদের। ইতিমধ্যেই বিশেষ অধিবেশনের দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত সপ্তাহেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল দেশে ফেরার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছিলেন।

তাঁর বক্তব্য ছিল, এ বিষয়ে কী কী ঘটছে, সেই ঘটনা পরম্পরা সবার আগে জানার অধিকার রয়েছে দেশবাসীর। তাই সংসদের বিশেষ অধিবেশনের মাধ্যমে তা সকলের সামনে আনা হোক। তারও আগে, অপারেশন সিঁদুরের পরপরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও এই বিষয়টি নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে সরব হয়েছিলেন। এবার সব প্রশ্নের উত্তর পেতে বিশেষ অধিবেশনের দাবিতে মোদিকে চিঠি দিল তৃণমূল।

About Post Author