Home » অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবিতে নীরব! সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের

অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবিতে নীরব! সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের

সময় কলকাতা ডেস্ক:- সংসদের বাদল অধিবেশনের জন্য দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেন। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত।

অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবিতে গত বেশ কয়েক দিন ধরে সরব রয়েছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে চিঠি পাঠিয়েছে দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল। তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ অন্যেরা।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। বহুদলীয় প্রতিনিধিদল দেশে ফেরার পরে যাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, তা নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানান তিনি। সাম্প্রতিক সংঘাত এবং তার পরবর্তী ঘটনা পরম্পরার বিষয়ে অন্য কারও আগে দেশবাসীর জানার অধিকার রয়েছে বলে মনে করেন মমতা। শুধু তৃণমূল শিবিরই নয়, সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে সরব হয়েছে কংগ্রেসও।

এসবের মাঝেই সম্প্রতি বিদেশি এক সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন দেশের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। সেনা সর্বাধিনায়কের ওই সাক্ষাৎকারের পরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে বলে মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।

সমাজমাধ্যমে তিনি লেখেন, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলে, একমাত্র তখনই এই প্রশ্নগুলি করা যাবে। মোদি সরকার দেশকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তবে বিরোধী শিবির থেকে বার বার বিশেষ অধিবেশনের দাবি তোলা হলেও, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি কেন্দ্রীয় সরকার। বিশেষ অধিবেশন ডাকা হবে কি হবে না, তা স্পষ্ট না করেই সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্র।

About Post Author