Home » বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ড: আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার চার, পলাতক দু’জন

বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ড: আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার চার, পলাতক দু’জন

সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার রাতে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ফাইনালে ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছরের অপেক্ষার অবসানে আবেগের বিস্ফোরণ। প্রিয় তারকাদের কাছ থেকে দেখার হাতছানি। বিনামূল্যে বিজয়োল্লাসে শামিল হওয়ার সুযোগ। তবে চোখের পলকে আইপিএল জয়ের সেই উৎসব বদলে যায় বিষাদে। বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় মৃত্যু ১০ জনেরও বেশি মানুষের। আরও অন্তত ৩৫ জনের বেশি মানুষ আহত। হাসপাতালে যমে-মানুষে টানাটানি অবস্থা হয়েছে আরও অনেকের। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ইতি উতি পড়ে থাকতে দেখা যায় মৃত, আহতদের চপ্পল! সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন আরসিবি-র বিপণন শাখার শীর্ষ কর্মকর্তা নিখিল সোসালে। জানা গিয়েছে, ঘটনার পরেই তিনি শহর ছেড়ে চলে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের পথে রওনা দিয়েছিলেন। সেই সময়ই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আরসিবি-র সঙ্গে যুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ-র তিনজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। এই সংস্থাটিই চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের যাবতীয় ব্যবস্থাপনা করছিল বলে অভিযোগ।

তদন্তকারীদের মতে, জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত নিরাপত্তা, দুর্বল প্রবেশ ও বহির্গমন পরিকল্পনা এবং অনিয়ন্ত্রিত ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতাই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ।

ঘটনার তদন্তে উঠে এসেছে, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকার বিষয়টিও। সংগঠনের সচিব শঙ্কর এবং কোষাধ্যক্ষ জয়রাম ইতিমধ্যেই পলাতক। তাঁদের বিরুদ্ধেও শীঘ্রই গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে।

এদিকে, ঘটনার পর থেকে আরসিবি ফ্যানদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এত বড় একটি জনসমাগমের আয়োজন করা সত্ত্বেও সঠিক নিরাপত্তা, নিয়ন্ত্রিত ঢোকা-বেরোনোর ব্যবস্থা না রাখার জন্য দায়ী করা হচ্ছে সংগঠকদের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে। তালিকায় রয়েছেন আরও চারজন পুলিশকর্তাও।

মুখ্যমন্ত্রী সিদ্দারামারাইয়া নিজেই বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে জানান এ কথা। পদপিষ্টের ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে। কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও বুধবার জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে।

পাশাপাশি কর্ণাটক হাইকোর্টও স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছে আদালত। কীভাবে পদপিষ্টের ঘটনা ঘটল, কীভাবে এই বিপদ এড়ানো যেত, তা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্যও পরিকল্পনা তৈরি রাখতে বলা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮ বছরের মধ্যে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয়ের উৎসব পালনের আয়োজন করা হয়েছিল শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ওই অনুষ্ঠান দেখার জন্য জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। যাঁদের বয়স ১৩ থেকে ৩৩ বছরের মধ্যে। আহতও হয়েছেন ৪০ জন। কর্ণাটক সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবিও।

About Post Author