সময় কলকাতা ডেস্ক:- রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড কে অস্বীকার করল বারাসাতে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষ। সোমবার রাতে গৌরাঙ্গ পাল নামে এক আইনজীবী বারাসাত থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গৌরাঙ্গ পালের অভিযোগ তার স্ত্রী বিগত দেড় বছর ধরে কিডনি সংক্রান্ত অসুখে ভুগছেন। সেই চিকিৎসা করাতে এখনও পর্যন্ত নারায়ণা হসপিটালকে প্রায় ৪৮ লক্ষ টাকা চিকিৎসা খরচ বাবদ প্রদান করেছেন। কিন্তু তার আর্থিক অবস্থা তলানিতে ঠেকায় তিনি রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ডায়ালিসিস সহ অন্য চিকিৎসার জন্য আবেদন করেন নারায়না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
কিন্তু নারায়ণা হাসপাতাল কর্তৃপক্ষ সেই আবেদন ফুতকারে উড়িয়ে দেন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নগদে চিকিৎসা করলে তবেই চিকিৎসা পাবেন আইনজীবীর স্ত্রী। আইনজীবী গৌরাঙ্গ পালের স্ত্রীর অবস্থা অত্যন্ত সংকট জনক। তাকে ওই হাসপাতাল থেকে এখন অন্যত্র স্থানান্তরিত করার কোনও সুযোগ নেই। অথচ আর্থিকভাবে সর্বস্বান্ত আইনজীবী গৌরাঙ্গ পালের স্ত্রীর চিকিৎসা রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড-এর মাধ্যমে সুযোগ দিচ্ছে না বারাসাতের নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। এটা শুধু প্রথম নয় এর আগেও হাজার হাজার অভিযোগ জমা পড়েছে বারাসাত নারায়ণা হাসপাতালের বিরুদ্ধে।
কিন্তু অজ্ঞাত কারণে সব অভিযোগই ধামাচাপা পড়ে গেছে। ঝুড়ি ঝুড়ি অভিযোগ থাকা সত্বেও পুলিশ প্রশাসন বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তবে, স্থানীয় সূত্রে খবর রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর পরিবারের সদস্য এই হাসপাতালের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত।
তাই এই হাসপাতালের এত বেপরোয়া মনোভাব দেখাতে সাহস পায় সাধারণ রোগী ও তার পরিবার পরিজনদের ক্ষেত্রে। পাশাপাশি কোনও বড় পদক্ষেপ নিতেও সাহস পায় না স্বাস্থ্য দপ্তর বা পুলিশ প্রশাসন। এদিন বারাসাত জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের শীর্ষস্থানীয় আইনজীবী নেতারা বারাসাত থানার আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং বারাসাত শহরসহ আশেপাশের ৬/৭ টি থানায় এলাকার নাগরিকদের প্রতিনিয়ত হয়রানীর প্রকৃত তথ্য তুলে ধরেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?