Home » অ্যান্টিডিপ্রেসেন্টে সারবে ক্যান্সার, দাবি পুরুলিয়ার একদল চিকিৎসকের!

অ্যান্টিডিপ্রেসেন্টে সারবে ক্যান্সার, দাবি পুরুলিয়ার একদল চিকিৎসকের!

সময় কলকাতা ডেস্ক:- ক্যান্সার নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অ্যান্টিডিপ্রেসেন্ট (অবসাদ নিরোধক ওষুধ)। এমনটাই দাবি উঠে আসছে পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের একদল গবেষকের কাছ থেকে।

পুরুলিয়ার বাসিন্দা সুদেষ্ণা সিনহা বলেন, ‘২০১৪ সালে তাঁর মায়ের মৃত্যু হয় এই মারণ রোগে। একবার সেরে গেলেও তা ফিরে আসে। উন্নত চিকিৎসার দিশা পাওয়া গেলে বহু মানুষের প্রাণ বাঁচবে।’

নতুন গবেষণার মাধ্যমেই ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আরও কার্যকর পদ্ধতি আসবে বলে আশা প্রকাশ করেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের ক্যান্সার বিষয়ের নোডাল অফিসার শল্য চিকিৎসক পবন মণ্ডল।

তিনি বলেন, ‘বহু গবেষণা হচ্ছে। এ ক্ষেত্রে যে দিকটি পাওয়া গিয়েছে তা আশাপ্রদ। তবে এখন মানবদেহের উপর পরীক্ষার মতো বহু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর শঙ্কর ভট্টাচার্য ছাড়াও এই গবেষক দলে রয়েছেন রিসার্চ ফেলো পল্লবী মণ্ডল, মণিপ্রভা মাহাতো, ডোনা দাশ, জয়শ্রী সাহা, অনীক পরামাণিক, কৃষ্ণা মহান্তি ও দেবাঞ্জন সরকার।

তাঁদের গবেষণা প্রসঙ্গে বিস্তৃত ভাবে জানিয়ে অধ্যাপক জানান, যে তথ্য তাঁরা পেয়েছেন তা ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী হতে পারে। তিনি বলেন, ‘মূলত মানবদেহের রক্ষাকারী কোষগুলি অর্থাৎ মানুষের ইমিউন সিস্টেম ক্যান্সার কোষগুলিকে আলাদা ভাবে চিহ্নিত করতে পারে না। তাই তাদের নষ্ট করতেও পারে না।

কিন্তু এই অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলির আলাদা একটি ক্ষমতা রয়েছে। এই ওষুধ মানুষের ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে ক্যান্সারের প্রতিরোধী সেলের মাধ্যমে ক্যান্সার সেল বা কোষকে ধ্বংস করে দেয়।

তা ছাড়া যেহেতু এই সমস্ত অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের তেমন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তাই সে দিক থেকেও রোগীরা বেশ কিছুটা নিশ্চিন্ত থাকতে পারেন।’

চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একই ওষুধের একাধিক গুণকে বলা হচ্ছে রিপারপাস্ড। সহজ ভাবে বোঝাতে গেলে একটা উদাহরণ দেওয়া যায়। যেমন জ্বর হলে আমরা প্যারাসিটামল খাই। জ্বর এ ক্ষেত্রে ইন্ডিকেশন। এ বার যদি প্যারাসিটামল অ্যালার্জি সারাতেও ব্যবহার করা যেতে পারে, তা হলে সেটা হবে রিপারপাস্ড।

গত বুধবার গবেষক চিকিৎসকদের একটি আর্টিকেল প্রকাশিত হয় আমেরিকান কেমিক্যাল সোসাইটির (এসিএস) জার্নালে।

তাতে বলা হয়েছে, এফডিএ অনুমোদিত যে সব অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ রয়েছে তা সরাসরি ক্যান্সার নিরাময়ের কাজে আসতে পারে।

অ্যান্টিডিপ্রেসেন্ট মূলত মানসিক অবসাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। গবেষণায় সামনে এসেছে, অ্যান্টিডিপ্রেসেন্টের আর একটি ব্যবহার এ বার ক্যান্সার নিরাময়ের কাজে লাগবে। গবেষণায় অ্যান্টিডিপ্রেসেন্টের এই কার্যকারিতা স্পষ্ট হয়ে গিয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের।

About Post Author