Home » রবিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, একাধিক জেলায় হতে পারে বৃষ্টি

রবিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, একাধিক জেলায় হতে পারে বৃষ্টি

সময় কলকাতা ডেস্ক:- রবিবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। শুধু বৃষ্টিপাত নয়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের বালুরঘাটে এসে থমকে গিয়েছিল দুর্বল মৌসুমী বায়ু। অবশেষে বাংলায় তা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন নদীর জলস্তর বাড়বে। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে। কমতে পারে দৃশ্যমানতাও। সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ পর্যটকদের।

রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাগুলিতে। সোম এবং মঙ্গল কিছুটা বিরতির পরে বুধবার থেকে ফের ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, মালদাতে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। আগামী সপ্তাহের প্রথম দিনেই ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সোম থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সন্তোষজনক বৃষ্টি পাবে কলকাতা।

About Post Author