Home » শঙ্কর ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগ! ফের উত্তপ্ত বিধানসভা, বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা

শঙ্কর ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগ! ফের উত্তপ্ত বিধানসভা, বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা

সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার ফের উত্তেজনা ছড়ায় রাজ্য বিধানসভায়। স্পোর্টস ইউনিভার্সিটি সংক্রান্ত বিলের আলোচনার শুরুতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ যখন আলোচনায় অংশ নিতে উঠে দাঁড়ান, সেই সময় শাসক দলের বিধায়করা প্রতিবাদ জানাতে শুরু করেন। বিজেপির অভিযোগ, তাঁরা বারবার বাধা দিয়ে বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তৃণমূল বিধায়কদের পাল্টা বক্তব্য, প্রতিদিন বিরোধীরা নিজেরা কথা বলেই হেঁটে বেরিয়ে যান।

তাই ওদের বক্তব্য রাখার অধিকার নেই, যখন নিজেরাই আলোচনায় থাকতে নারাজ। এই অবস্থায়, পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দুই পক্ষকেই শান্ত হওয়ার আবেদন জানান।

এদিকে, শাসক দলের বিধায়করা ‘শুনছি না, শুনব না’ স্লোগান তুলতে থাকেন, যা পরিস্থিতি আরও উত্তেজক করে তোলে। অধিবেশনের শুরুর দিন থেকেই বিরোধীদের উপস্থিতি ও বক্তৃতার ধরন নিয়ে প্রশ্ন তুলে আসছে শাসক শিবির। তার জেরেই সম্ভবত শুক্রবার বিলের আলোচনার মঞ্চেও তৈরি হল বিতণ্ডা।

তবে বিধানসভার অধ্যক্ষের আর্জিতেও কাজ হয়নি। আলোচনার মাঝেই বিজেপি বিধায়করা বেরিয়ে যান। তাঁদের অভিযোগ, শঙ্কর ঘোষকে বলতেই দেওয়া হয়নি। যতক্ষণ বলছিলেন সারাক্ষণ স্লোগান চলতেই থাকে শাসক দলের দিক থেকে। কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর বিধানসভার বারান্দায় মুখে কালো মাস্ক ও হাতে পোস্টার নিয়ে বসে প্রতিবাদ দেখান বিজেপি বিধায়করা। পোস্টারে লেখা, চুপ বিধানসভা চলছে।

যদিও, বিজেপি বিধায়কদের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী।

বৃহস্পতিবারই দ্য ওয়েস্ট বেঙ্গল সেলস ট্যাক্স অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনার মাঝপথে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। আর এই ঘটনাকে ঘিরেই ঘটে নজিরবিহীন এক সিদ্ধান্ত। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি বিধায়কদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়। সেই অশান্তির ধারা বজায় থাকল শুক্রবার। বৃহস্পতিবারের পর শুক্রবারও উত্তাল রইল বিধানসভা। নজির বিহীন পরিস্থিতি তৈরি হল।

About Post Author