সময় কলকাতা ডেস্ক:- স্কুলের চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি এখন কার্যকর হবে না বলে জানিয়েছে উচ্চ আদালত।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি সিনহা। মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ হলফনামা দিতে বলা হয়েছে। গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা সরকার।
এই ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই মামলাতেই এ দিন রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। শিক্ষকদের পাশাপাশি চাকরিহারা হন গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরাও। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের স্কুলে ফেরত যাওয়ার কথা বলা হলেও শিক্ষাকর্মীদের নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি দেশের শীর্ষ আদালত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি