Home » তৃণমূলের মহিলা নেত্রীর দাপট, বয়স্ক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেদম মার

তৃণমূলের মহিলা নেত্রীর দাপট, বয়স্ক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেদম মার

সময় কলকাতা ডেস্ক:- অন্যায়ের প্রতিবাদ করায় ষাটোর্ধ্ব ব্যক্তিকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল এলাকায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। রাস্তায় উপর প্রকাশ্যে সঙ্গীদের নিয়ে বেদম মারধর করা হয়েছে অনিল দাস ওরফে ভীম দা নামের ওই বয়স্ক ব্যক্তিকে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের খরিদা এলাকার ঘটনা।

ঘটনার তীব্র নিন্দা করেছেন খড়্গপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা ও কাউন্সিলর প্রদীপ সরকার। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।’ বিজেপি-র জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘একজন বয়স্ক নেতার উপর এইভাবে আক্রমণ মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। যেখানেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ হয়, সেখানেই এভাবে আক্রমণ নেমে আসে।’

স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, অভিযুক্ত বেবি কোলে এলাকায় তৃণমূল নেত্রী। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন দূর্নীতি করে চলেছে বেবি এবং তার স্বামী। কিন্তু তার প্রতিবাদ করলে পাল্টা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি শুনতে হত। বেবি কোলে মানুষের সঙ্গে অশালীন ব্যবহার করত।

এই ঘটনায় বেবি কোলের পাশেই দাঁড়াননি তাঁর দলের জেলা সভাপতি। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘অনিল দাস নামে ওই বয়স্ক ব্যক্তিকে যে ভাবে রাস্তায় ফেলে নির্মমভাবে মারা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বেবি কোলে-সহ যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের দল এদের পাশে দাঁড়াবে না।’

আক্রান্ত অনিল দাসের অভিযোগ, দিনকয়েক আগে খরিদায় তাঁর পড়শি দুর্গা সাহুর বাড়ির দেওয়াল ভেঙে দিয়ে এবং শৌচাগার বন্ধ করে দিয়ে অত্যাচার চালাচ্ছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেন তিনি। দুর্গা সাহুকে নিয়ে খড়্গপুর টাউন থানায় যান। সেখানে বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গা সাহু। তার প্রতিশোধ নিতে সোমবারের হামলা বলে তাঁর দাবি। তিনি বলেন, ‘প্রথমে আমাকে রাস্তায় ফেলে মারধর করে। বাঁচতে রঙের দোকানে ঢুকে গেলে, সেখানেও মারে। গায়ে রং ঢেলে দেয়। আমি কোনওমতে নিজেকে বাঁচাই।’ অবিলম্বে বেবি কোলেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন অনিল দাস।

স্থানীয় সূত্রে খবর, অনিল দাস আগে সিপিএমের নেতা ছিলেন। তবে দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে সিপিএমের যোগাযোগ নেই। তিনি বর্তমানে ‘আমরা বামপন্থী, খড়্গপুর’ নামে একটি গণসংগঠন চালান। সোমবার তাঁর উপরেই হামলা চালায় বেবি কোলে এবং তাঁর অনুগামীরা। প্রথমে রাস্তায় চড়-থাপ্পড় মারা হয়। তারপরে রাস্তায় ফেলে চটি দিয়ে মারধর করা হয়। নিজেকে বাঁচাতে রাস্তার পাশে একটি রংয়ের দোকানে আশ্রয় নেন অনিল। সেই দোকানে ঢুকে রংয়ের বালতি দিয়ে মারধর করা হয় তাঁকে। খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিল দাস।

About Post Author