সময় কলকাতা ডেস্ক:- আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। ছাব্বিশের নির্বাচনে কার নেতৃত্বে বঙ্গ বিজেপি ভোটযুদ্ধে নামবে, বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটেছে। বিজেপির রাজ্য সভাপতির ব্যাটন সুকান্ত মজুমদারের কাছ থেকে শমীক ভট্টাচার্যের কাছে গিয়েছে। শমীকের এই দায়িত্ব নেওয়ার পরই প্রথমবার রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্ভাবনা রয়েছে, ১৮ জুলাই দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন তিনি। সেই সভার প্রস্তুতি জন্য সাত সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন হবে ধর্মতলায়।
তার তিন দিন আগে প্রধানমন্ত্রীর এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। বঙ্গ বিজেপির ব্যাটন হাতে নিয়েই শমীক ভট্টাচার্য বলেছেন, ছাব্বিশের নির্বাচনে মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে। তৃণমূলের বিসর্জন হবে। দুর্নীতির সরকারকে হঠাতে সকলে মিলে একসঙ্গে লড়ার বার্তা দেন শমীক।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিবারের মতো এবারও বাংলা দখলে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা আদি বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
তাঁর কাছে বড় চ্যালেঞ্জ, আগামী বিধানসভা ভোটে পদ্মশিবিরের ঝুলিতে আরও বেশ কিছু আসন নিয়ে আসা। এর আগে গত মে মাসে আলিপুরদুয়ারে জনসভা করে মোদি আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন।
সেই থেকেই গুঞ্জন ছিল, এবার দক্ষিণবঙ্গ সফরে কবে আসবেন তিনি। সেই গুঞ্জন সরিয়ে এবার জানা গিয়েছে, ১৮ জুলাই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। এমনিতে পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দু্র্বল। এখানে বিজেপির জেতা আসন সংখ্যা কম। তাই আসন্ন সফরে দলকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিতে চলেছেন প্রধানমন্ত্রী।
ছাব্বিশের নির্বাচনের আগে একুশের জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে জোরকদমে মাঠে নেমেছে তৃণমূল। একুশের জুলাইয়ের মঞ্চ থেকেই ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


More Stories
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা