Home » ‘মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না’, বাঙালি পর্যটকদের নিদান শুভেন্দুর, তুঙ্গে বিতর্ক

‘মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না’, বাঙালি পর্যটকদের নিদান শুভেন্দুর, তুঙ্গে বিতর্ক

সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীরে নিয়ে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী মোদি সেই ভয় দূর করতে উদ্যোগী। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। সমস্ত বাঙালিকে তিনি ভূস্বর্গে আমন্ত্রণ জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রাজ্যে যেতে পারেন বলে খবর। এসবের মাঝেই শিরোনামে আরেক প্রসঙ্গ। রাজ্য বিজেপি নেতা তথা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ভিন্ন মেরুতে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনও বাঙালি কাশ্মীর যাবেন না। যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। তিনি আরও যোগ করেন, একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে তিনি একথা বলছেন।

মানুষের উদ্দেশে শুভেন্দুর বার্তা, কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে যান। উত্তরাখণ্ডে যান। ওড়িশা যান। প্রাণ আগে। সন্তানদের জীবন বাঁচান। নিজের জীবনরক্ষা করুন। মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না।

তাঁর এই বক্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে। তিনি কী করে পুরো মুসলিম সম্প্রদায়কে দাগিয়ে দিতে পারেন? একজন জনপ্রতিনিধি এই কথা বলতে পারেন? উঠছে সেই প্রশ্নও। যেখানে তাঁর দলেরই সর্বোচ্চ নেতৃত্ব কাশ্মীরে যেতে পর্যটকদের উৎসাহ দিচ্ছেন। উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। তারপরই শুভেন্দুর বিপরীত মেরুতে অবস্থান নিয়ে সমালোচনার ঝড় বইছে। কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার। বলা ভালো অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক গোটা দায়িত্বে।

এই বক্তব্যের প্রশ্ন, তাহলে কি শুভেন্দু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপরেও আস্থা রাখতে পারছেন না?

প্রধানমন্ত্রী বনাম রাজ্যের বিজেপি নেতা— দ্বিধাবিভক্ত বার্তা?

শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, এতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই দলের দুই স্তরের নেতার বক্তব্য বিপরীতমুখী হওয়ায় সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। সরব বাংলার শাসকদল তৃণমূল। এক্স হ্যান্ডেলে শুভেন্দুর সেই বক্তব্য তুলে ধরে তীব্র আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে শাসকদল।

বৃহস্পতিবার নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পহেলগাঁও কাণ্ডের জন্য আতঙ্কিত না হয়ে বাংলার পর্যটকদের আরও বেশি করে কাশ্মীরমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়েই রাজ্যবাসীকে কাশ্মীরে যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ওঁরা নিরাপত্তা দেবে। মুখ্যমন্ত্রী সেই রাজ্যে যেতে পারেন বলেও জানিয়েছেন।

About Post Author