সময় কলকাতা ডেস্ক:- মাঝ ধরতে গিয়ে ভুল করে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের জলসীমায়। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশে আটক হলেন ৩৪ জন ভারতীয় মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের ব্যবহৃত দু’টি ট্রলার— ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। মৎস্যজীবীরা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মোংলা বন্দরের কাছে।
বাংলাদেশের নৌবাহিনীর দাবি, ওই মৎস্যজীবীরা গভীর রাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশ সীমায় ঢুকে পড়ে মাছ ধরছিলেন। বাংলাদেশি টহলদারি জাহাজের নজরে পড়তেই তৎক্ষণাৎ তাঁদের ধাওয়া করে আটক করা হয়। বর্তমানে দুই ট্রলার ও মৎস্যজীবীদের মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশের মৎস্য ও নৌপরিবহণ বিভাগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ধৃত মৎস্যজীবীদের পরিবার। আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ ও নামখানার উপকূলবর্তী গ্রামগুলিতে। কারণ এই এলাকাগুলি থেকে প্রায় প্রতি দিনই বহু মৎস্যজীবী মাছ ধরার গভীর সমুদ্রে যান।
জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্যের মৎস্য দফতর। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে মৎস্যজীবীদের দ্রুত ফিরিয়ে আনার জন্য। পাশাপাশি, উপকূলবর্তী এলাকায় মাছ ধরার সময় ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।
আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তবে এই ঘটনা প্রথম নয়। গত বছরই বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমার ভিতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতেই ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। প্রত্যেককেই গ্রেফতার করা হয়। ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশে গ্রেফতার হওয়ার পরেই মৎস্যজীবীদের একটি সংগঠন সেই সময় প্রশাসনের দ্বারস্থ হয়েছিল তাঁদের ঘরে ফেরাতে।
বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নজরে আনে সংগঠন। তারপরেই বাংলাদেশে আটক কাকদ্বীপের ৯৫ মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী যাবতীয় পদক্ষেপ হয়। তারপরেই দুটি দেশের মৎস্যজীবীদের ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়। ফিরে আসেন ওই মত্স্যজীবীরা। এবার ফের আটক।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?