Home » নির্যাতিতার নাম ফাঁস! ‘ক্ষমা চাইছি, ইচ্ছাকৃত অপমান করিনি…’ হাইকোর্টে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল

নির্যাতিতার নাম ফাঁস! ‘ক্ষমা চাইছি, ইচ্ছাকৃত অপমান করিনি…’ হাইকোর্টে চিঠি দিয়ে ক্ষমা চাইলেন বিনীত গোয়েল

সময় কলকাতা ডেস্ক:- আরজিকর মামলায় স্বস্তি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেন আইপিএস বিনীত গোয়েল। চিঠি গ্রহণ করে আদালত। আদালত জানায়, আদালত এ বিষয়ে আর হস্তক্ষেপ করতে চাইছে না। গত বছর আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর উত্তাল হয় রাজ্য। গোটা দেশ বললেও খুব একটা ভুল হবে না। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল।

সাংবাদিক সম্মেলনে তিনি ওই তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করেন, যা আইন-বিরুদ্ধ। সেই অভিযোগেই মামলা হয় বিনীত গোয়েলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই নাম প্রকাশের জন্য আদালতে ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটির নিষ্পত্তি করা হল।

বিচারপতিরা স্পষ্ট জানান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালত মনে করছে মামলাটির নিষ্পত্তি প্রয়োজন। কারণ, এক দিকে প্রাক্তন পুলিশ কমিশনার অনিচ্ছাকৃতভাবে নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন, অন্য দিকে মামলাকারীর আইনজীবীও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি তুলে ধরেছেন। আদালতের পর্যবেক্ষণ, যেহেতু বিনীত গোয়েল স্বীকার করেছেন যে নির্যাতিতার নাম বলে ফেলাটা অনিচ্ছাকৃত ছিল এবং তিনি নিজের ভুল বুঝে নিয়েছেন, তাই আর নতুন করে তাঁকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই।

পাশাপাশি, রাজ্যের ডিজিকে নির্দেশ দিয়েছে আদালত, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তার জন্য পুলিশ আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে কোনওভাবে নির্যাতিতা বা তাঁর পরিবারের নাম প্রকাশ্যে না আসে। বুধবারই আরজিকর খুন ও ধর্ষণ মামলায় শিয়ালদহ আদালতে বিনীত গোয়েলকে কার্যত ক্লিনচিট দেয় সিবিআই।

কেন্দ্রীয় সংস্থা জানায়, বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, নির্যাতিতার পরিবারের অভিযোগ, সিবিআই-এর তদন্তকারী আধিকারিক বিনীত গোয়েলের ব্যাচমেট হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত করা হচ্ছে না।

About Post Author