Home » মানিকতলায় ভেঙে পড়ল পুরনো রাজবাড়ির একাংশ, আহত বেশ কয়েকজন, আতঙ্কে বাসিন্দারা

মানিকতলায় ভেঙে পড়ল পুরনো রাজবাড়ির একাংশ, আহত বেশ কয়েকজন, আতঙ্কে বাসিন্দারা

সময় কলকাতা ডেস্ক:- ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। এবার উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম বেশ কয়েকজন। দুর্ঘটনায় আহত ২ শিশুও। আহত শিশুদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। শনিবার সকাল ৬টা নাগাদ পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো বাড়ির পিছনের অংশ।

স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো সত্ত্বেও কোনও রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এরপর, শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। পুলিশ ও পুরসভার তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল। এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাড়িটির বাকি অংশও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।

গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই দুর্ঘটনা, প্রাথমিক অনুমান পুলিশের। বাড়িটিতে পুরসভার বিপজ্জনক নোটিস ঝোলানো ছিল, জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

স্থানীয়দের অভিযোগ, পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে।

About Post Author