Home » এসআইআর আতঙ্কের ঘটনায় তোলপাড় রাজ্য, হাইকোর্ট চত্বরে আত্মহত্যার চেষ্টা মহিলার!

এসআইআর আতঙ্কের ঘটনায় তোলপাড় রাজ্য, হাইকোর্ট চত্বরে আত্মহত্যার চেষ্টা মহিলার!

সময় কলকাতা ডেস্ক:- কলকাতা হাইকোর্ট চত্বরে মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনা। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় এক মহিলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে।

পুলিশ সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়ার বাসিন্দা ওই মহিলা হাইকোর্টের ই-গেটের সামনে আরও দুই মহিলার সঙ্গে বিক্ষোভে যোগ দেন। হঠাৎই কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলেন। ফলে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।

বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। অভিযোগ, ২০১৭ সালে গঠিত আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির ভোটার তালিকা থেকে বাদ পড়ে যান এই তিন মহিলা। ২০২৫ সালের সমবায় নির্বাচনে নাম না থাকায় তাঁরা হাইকোর্টে মামলা করেন। আদালত পুনরায় ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিলেও সমিতি তা মানেনি। পাশাপাশি মোটা সুদের আশ্বাসে অর্থ সংগ্রহ করেও টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে ওই সমিতির বিরুদ্ধে।

পুলিশের প্রাথমিক ধারণা, এসআইআর (SIR) নির্দেশিকা যে কোনও সময় জারি হতে পারে এই আতঙ্ক এবং ভোটাধিকার হারানোর শঙ্কাই আত্মহত্যার চেষ্টার মূল কারণ। তবে এর মধ্যে অন্য কোনও কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর হাইকোর্ট চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

About Post Author