Home » বিজেপি রাজ্যে ফের বাঙালি শ্রমিককে হেনস্থা! বাংলাদেশি সন্দেহে মারধর ও অত্যাচারের অভিযোগ

বিজেপি রাজ্যে ফের বাঙালি শ্রমিককে হেনস্থা! বাংলাদেশি সন্দেহে মারধর ও অত্যাচারের অভিযোগ

সময় কলকাতা ডেস্ক:- বিজেপি শাসিত রাজ্যে ফের বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা। ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র দেওয়ার পরও বাঙালি পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ৷ অভিযোগ ওড়িশা পুলিশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকার বাসিন্দা মিঠুন বর্মন কাজের সূত্রে ওড়িশায় গিয়েছিলেন। সেখানে গিয়ে বাংলাদেশি সন্দেহে তাঁকে চরম হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ। অভিযোগ ওড়িশা পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে মারধর করে এবং মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়।

এমনকি বাংলায় কথা বলার কারণে তাকে ‘বাংলাদেশি’ বলেও আখ্যা দেওয়া হয়। ঘটনার পর তিনি চিন্তিত হয়ে শীতলকুচি বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও কোনও সমাধান মেলেনি বলে খবর। পরবর্তীতে রাজ্য সরকারের ‘দিদিকে বলো’ কর্মসূচির নম্বরে যোগাযোগ করে বাড়ি ফিরতে সক্ষম হন ওই পরিযায়ী শ্রমিম এমনটাই জানিয়েছেন তিনি। শনিবার, মিঠুন বর্মন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎ করে পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন।

তিনি সাংসদকে জানান, উড়িষ্যা পুলিশ তাঁর ওপর নির্মম অত্যাচার চালিয়েছে এবং কেবল বাংলায় কথা বলার জন্যই তাঁর ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। এ বিষয়ে তৃণমূল সাংসদ জানিয়েছেন, উড়িষ্যা পুলিশ অন্যায় ভাবে অমানবিক অত্যাচার করেছে। তার কর্মসংস্থানের ব্যাপারে চেষ্টা করা হবে৷ যদিও সমস্তটাই তৃণমূলের সাজানো ঘটনা বলে কটাক্ষ বিজেপি নেতা উজ্জ্বল কান্তি বসাকের।

About Post Author