সময় কলকাতা ডেস্ক:- সাতসকালে বাসভবনে ভয়াবহ হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। নিজের বাড়িতেই চলছিল জনশুনানি। তখনই তাঁর চুল টেনে, কষিয়ে থাপ্পড় মারে এক যুবক। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করা হয়েছে হামলাকারীকেও।
তবে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত, এমনই ইঙ্গিত মিলল নতুন সিসিটিভি ফুটেজে। সূত্র বলছে, অভিযুক্ত রাজেশ সাকারিয়া গত ১৯ অগস্ট মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাড়ির সামনে ঘোরাঘুরি করেছিলেন। সিসিটিভি ফুটেজে সেই ছবিই ধরা পড়েছে। সেই ফুটেজ প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীর দফতর।
এর অর্থ, ঘটনার একদিন আগেই তিনি জায়গা রেকি করেছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি গুজরাটের রাজকোটে। তবে নথিপত্র যাচাই করে তাঁর পরিচয় ও ঠিকানা নিশ্চিত করার চেষ্টা চলছে।
সূত্রের খবর, রাজেশ নাকি মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন জেলে বন্দি এক আত্মীয়ের মুক্তির আবেদন নিয়ে। কিন্তু রেখা গুপ্তার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েই আচমকা হামলা চালান। হামলার পরেই তাঁকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় সিভিল লাইনস থানায়।
এদিকে ঘটনার খবর পেয়ে দিল্লির পুলিশ কমিশনার, মুখ্যসচিব ও মন্ত্রী পারভেশ সাহিব সিং দ্রুত পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। ইতিমধ্যেই তাঁরা রাজেশের পরিবারের সাথে যোগাযোগ করেছে।
রাজেশের মা জানিয়েছেন, তাঁর ছেলে কুকুরপ্রেমী। সম্প্রতি দিল্লি-এনসিআরে পথকুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে পাঠানোর সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপরই রাজেশ হঠাৎ দিল্লির উদ্দেশে রওনা দেন। এর থেকে বেশি পরিবারের আর কিছু জানা নেই বলে দাবি অভিযুক্তর মায়ের।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের কথায়, তিনি প্রথমে কিছু নথি দেখান, পরে আচমকাই চিৎকার শুরু করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। কুকথা-গালিগালাজও করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে, হামলার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে মনে হয়েছিল, যদিও তা এখনও নিশ্চিত নয়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রীর উপর হামলার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, কোনও রাজনৈতিক কারণে হামলা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত হয়েই হামলা চালানো হয়েছে, তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।
তবে রাজধানীর মুখ্যমন্ত্রীরউপরে এভাবে প্রকাশ্যে হামলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিরোধী দলগুলি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছে।
তাঁদের দাবি, যদি মুখ্যমন্ত্রীর বাড়িতেই এভাবে নিরাপত্তা ভাঙন ঘটে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে? এই ঘটনায় বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণের নিন্দা করেছেন রাজধানীর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এক্স হ্যান্ডেলের পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে বিরুদ্ধ মত থাকবে। কিন্তু সেখানে হিংসার কোনও স্থান নেই। দিল্লি পুলিশের উপর আস্থা প্রকাশ করেন তিনি।
কেজরিওয়াল লেখেন, তিনি বিশ্বাস করেন দিল্লি পুলিস দ্রুত ব্যবস্থা নেবে। এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, গণতন্ত্রে মতভেদ ও প্রতিবাদের জায়গা আছে, কিন্তু সহিংসতার কোনও জায়গা নেই। মুখ্যমন্ত্রীর উপর হামলা নিন্দনীয়।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি