সময় কলকাতা ডেস্ক:- ভুয়ো সংস্থা খুলে প্রতারণা। শেষমেশ পুলিশের জালে সেই প্রতারণা চক্র। ঠিক এমনই খবর উঠে এল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কিছু লোক একটি ভুয়ো সংস্থা খুলে ব্যবসায়ীদের থেকে টাকা হাতাচ্ছিল।
সূত্রের খবর, এই ভুয়ো সংস্থা চালাচ্ছিল ৬ সদস্যের একটি গ্যাং।
জানা গিয়েছে, ধৃতরা নিজেদের সিবিআই, ইডি এবং নারকোটিক্স ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। প্রতারণা চালানোর জন্য তারা ভুয়ো শংসাপত্র ও আইডি কার্ডও তৈরি করেছিল।
তবে, গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অ্যাকশনে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। গ্রেফতার করা হয় ওই গ্যাংয়ের সদস্যদের। সিল করা হয় অফিস।
পুলিশি তদন্তে উঠে এসেছে, সংস্থার মূল মাথা কলকাতার বাসিন্দা ফাল্গুনী চ্যাটার্জি।
ইতিমধ্যেই ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের মূল পর্যন্ত পৌঁছতে মরিয়া পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?