Home » কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের কারিগর! এনকাউন্টারে খতম ‘হিউম্যান জিপিএস’ বাগু খান

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের কারিগর! এনকাউন্টারে খতম ‘হিউম্যান জিপিএস’ বাগু খান

সময় কলকাতা ডেস্ক:- জম্মু কাশ্মীরে এনকাউন্টারে খতম কুখ্যাত জঙ্গি। খতম ‘হিউম্যান জিপিএস’ বাগু খান। প্রত্যন্ত পথঘাট ছিল তার নখদর্পণে। গত তিন দশক ধরে সীমান্তে অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম ভরসার জায়গা। শনিবার ভোরে সংঘর্ষে মৃত্যু হল তাঁর। সঙ্গে খতম হয়েছে আরও এক জঙ্গি। বাগু খান ওরফে ‘সমন্দর চাচা’ ১৯৯৫ থেকে পিওকে-তে সক্রিয়। ভূস্বর্গে অনুপ্রবেশের অন্যতম পুরনো কারিগর হিসাবে চিহ্নিত এই ব্যক্তি।

সেনা সূত্রে জানা গিয়েছে, নওশেরা নার এলাকায় আরও এক জঙ্গির সঙ্গে বাগু খানকে খতম করা হয়েছে। গুরেজ সেক্টরের বিভিন্ন এলাকায় ১০০ টির বেশি অনুপ্রবেশে প্রচেষ্টায় হাত ছিল বাগুর। কাশ্মীরের কঠিন ভূখণ্ড এবং পাহাড়ি এলাকার গোপন পথ সম্পর্কে জ্ঞান থাকায় অধিকাংশ প্রচেষ্টাই সফল হয়।

এই কারণে সমস্ত জঙ্গিগোষ্ঠীর পছন্দের লোক হয়ে উঠেছিল এই ব্যক্তি। এক সময় হিজবুল কমান্ডার হিসাবেও কাজ করেছে বাগু।

সেই সময় গুরেজে নিয়ন্ত্রণরেখা বরাবর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ বাস্তবায়নে একাধিক জঙ্গিগোষ্ঠীকে সাহায্য করেছে সে। বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিলেও সাম্প্রতিক অপারেশনে নিজেকে আড়াল করতে পারেনি সে। শনিবার ভোরে গুরেজ সেক্টরের নওশেরা নার এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা।

সেই সময় সতর্ক জওয়ানরা তাদের উপস্থিতি টের পান, শুরু হয় গুলি বিনিময়। খানিকক্ষণের সংঘর্ষে বাগু খান ও তার এক সঙ্গী খতম হয়। মনে করা হচ্ছে, বাগু খানের মৃত্যু হয় এই অঞ্চলে জঙ্গি সংগঠনগুলির লজিস্টিক নেটওয়ার্কের উপর একটি আঘাত পড়বে।

কারণ, গুরেজের দুর্গম ভূখণ্ডে অনুপ্রবেশের জন্য যে কয়েকজন বিশেষজ্ঞকে ভরসা করা হত, তাদের মধ্যে অন্যতম ছিল এই বাগু খান। সীমান্তের কঠিন ভূগোলের গোপন পথ সে হাতের তালুর মতো চিনত।

এই জ্ঞানের কারণেই তিন দশক ধরে সেনার চোখ এড়িয়ে বারবার সফলভাবে অনুপ্রবেশ করাতে সক্ষম হয়েছিল সে। কয়েক দিন আগেই, গুরেজ সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করা দুই জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা।

তার ঠিক পরেই শনিবার বাগু খান গুলিতে মারা গেল। ফলে, ধারাবাহিক অভিযানে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের বড় নেটওয়ার্কে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। তাই এলাকায় ব্যাপক তল্লাশি চলছে।

About Post Author